ফাস্ট চার্জার দিয়ে আগুন লাগাতে পারে সাইবার দুর্বৃত্তরা!

২২ জুলাই, ২০২০ ১৬:৪০  
সাইবার হামলা মানেই শুধু তথ্য চুরি কিংবা ওয়েবসাইট বা পিসি বিকল করা নয়। অনেক সময় ডিজিটাল উপায়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটনোর চেষ্টা করতে পারে। ফোনের চার্জার হ্যাক করে মোবাইলে আগুনও ধরিয়ে দিতে পারে সাইবার দুর্বৃত্তরা। এমন সাম্ভাব্য সাইবার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের গবেষকেরা। বর্তমানে বাজারে থাকা অনেক মোবাইল ফোনের ফাস্ট চার্জারে নতুন একটি নিরাপত্তা ত্রুটি বের করে এই সতর্ক বার্তা দিয়েছেন তারা। টেনসেন্টের শুয়ানশু ল্যাবের গবেষকেরা ইতোমধ্যেই ফাস্ট চার্জার হ্যাক করার একটি ডেমো ভিডিও প্রকাশ করেছে। গবেষকেরা বলছেন, স্মার্ট ডিভাইসে চার্জার গুরুত্বপূর্ণ উপাদান। এতে ক্ষতিকর প্রোগ্রাম সেট করতে পারে হ্যাকাররা। স্মার্টফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে তা থেকে চার্জারের সঙ্গে যুক্ত হতে পারে তারা। এরপর চার্জারের ফার্মওয়্যার পরিবর্তন করে তা অস্ত্রে রূপান্তর করতে পারে। ওই চার্জার যখনই কোনো ডিভাইসে লাগানো হয়, তখনই ওতে বিস্ফোরণ ঘটতে পারে।