প্রথমবারের মতো কিরিন চিপের ল্যাপটপ আনছে হুয়াওয়ে

২৮ ডিসেম্বর, ২০২০ ০২:০১  
বেশ আগে থেকেই শোনা যাচ্ছিলো হুয়াওয়ে নিজস্ব সিলিকনের ডেস্কটপ পিসি ও ল্যাপটপ আনার কাজ করছে। এবার কোম্পানিটির পক্ষ থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। হুয়াওয়ে জানিয়েছে, নিজস্ব হাইসিলিকন এআরএম চিপ সম্বলিত ডেস্কটপ পিসি আসছে। এছাড়া আলবেইটে প্রকাশিত তথ্যে জানা গেছে, নিজস্ব চিপের নোটবকুও আনছে হুয়াওয়ে। উইবোতে এক পোস্টে হুয়াওয়ের ঐ নোটবুকের প্রধান স্পেসিফিকেশনসহ বক্সের ছবি প্রকাশ করা হয়েছে। ডিভাইসটিতে থাকবে কিরিন ৯৯০ চিপসেট। এছাড়া থাকবে ৮ গিগাবাইট র‍্যাম, ৫১২ জিবি এসএসডি ও ১৪ ইঞ্চির ১০৮০পিক্সেলের ডিসপ্লে। ল্যাপটপটিতে থাকছে লিনাক্সভিত্তিক ডিপিন ওএস ২০, তবে আগামীতে হারমোনি ওএস এর সংস্করণও আসতে পারে। ল্যাপটপটির নাম হবে কিউয়িংয়ান এ৪১০। ধারণা করা হচ্ছে এটি হবে মেটবুক ১৪ এর কমদামি সংস্করণ। থাকবে ইন্টিগ্রেটেড ফাইভজি মডেম। ডিবিটেক/বিএমটি