পাঁচ কোটি ডলারের র‍্যানসমওয়্যারের শিকার এসার

২০ মার্চ, ২০২১ ২৩:৪৬  
তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান এসার র‍্যানসমওয়্যার আক্রমণের শিকার হয়েছে। রেভিল র‍্যানসমওয়্যার গোষ্ঠী এই আক্রমণের দায় স্বীকার করে এসারের কাছে পাঁচ কোটি ডলার দাবি করেছে। ব্লিপিং কম্পিউটারের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনগ্যাজেট। রেকর্ড ও অন্যান্য সূত্র বলছে, মাইক্রোসফট এক্সচেঞ্জের ত্রুটির মাধ্যমে হ্যাকার গোষ্ঠী এসারের নেটওয়ার্কে প্রবেশ করে ও বিভিন্ন ডেটা সংগ্রহ করে নিয়েছে বলে দাবি করা হয়েছে। আক্রমণটিকে অন্যতম বড় র‍্যানসমওয়্যার আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকে এসার প্রায় তিন বিলিয়ন ডলার আয় করেছে। আর সেটিকেই সুযোগ হিসেবে দেখেছে রেভিল র‍্যানসমওয়্যার গোষ্ঠী। গত বছর ট্র্যাভেলেক্সে ৬০ লাখ ডলারের র‍্যানসমওয়্যার আক্রমণ চালিয়েছিলো গোষ্ঠীটি। এসার সার্ভারে আক্রমণের প্রমাণস্বরূপ ডার্ক ওয়েবে স্ক্রিণশট প্রকাশ করেছে তারা। আগামী ২৮ মার্চের মধ্যে এসার পাঁচ কোটি ডলার পরিশোধ না করলে হাতিয়ে নেয়া ডেটা ওয়েবে প্রকাশ করার হুমকি দিয়েছে তারা। রেভিল এবং একজন এসার প্রতিনিধির মধ্যে কথোপকথন থেকে জানা গেছে গত বুধবারের মধ্যে পেমেন্ট করা হলে হ্যাকাররা ২০ শতাংশ ছাড় দিতে চেয়েছিলো। এসার অবশ্য র‍্যানসমওয়্যার আক্রমণের কথা স্বীকার করেনি। তবে সম্প্রতি অসঙ্গতিপূর্ণ কিছু অস্বাভাবিক ঘটনার বিষয়ে একাধিক দেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এবং ডেটা সুরক্ষা কর্তৃপক্ষকে অবহিত করেছে এসার। ডিবিটেক/বিএমটি