পরিকল্পনা বিভাগে জিআরপি সফটওয়্যার ব্যবহার শুরু

১২ মার্চ, ২০২০ ১১:৫৯  
বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ইভেন্টরি মডিউল ব্যবহার শুরু করেছে পরিকল্পনা বিভাগ ও পরিকল্পনা কমিশন। শুরুতে দুইটি মডিউলের ব্যবহার শুরু হলেও অচিরেই সেখানে ৯টি মডিউল ব্যবহার করা হবে বলে জানা গেছে। আর এটা করতে পারলে সব মন্ত্রণালয়ের ৫০০টি ডিজিটাল সার্ভিস সহজেই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম। বুধবার রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি অডিটরিয়ামে ইনভেন্টরি ও মিটিং ম্যানেজমেন্ট মডিউলের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে ইআরপি প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ইনভেন্টরি মডিউলের ইউজার আইডি ও পাসওয়ার্ড হস্তান্তর করে আইসিটি বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব নুরুল আমিন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং জিআরপি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোক্রিয়েটস প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দেশের ১৪টি সফটওয়্যার প্রতিষ্ঠান মিলে কোক্রিয়েটস গঠন করা হয়েছে। পরিকল্পনা বিভাগের আগে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগে সফটওয়্যারটির চারটি মডিউল চালু করা হয়েছে।শিগগিরই প্রকিউরমেন্ট ও অ্যাসেট মডিউল যোগ করা হবে।