তারুণ্যের বসন্ত ‘ডিজিটাল দক্ষতা’ : মোস্তাফা জব্বার
চতুর্থ শিল্পবিপ্লবে ডিজিটাল দক্ষতাকে তারুণ্যের বসন্ত উল্লেখ করে প্রকৃতির বসন্তের মতোই নিজের জীবনে বসন্তকে বরণের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত বসন্ত উৎসব অনুষ্ঠানে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আতিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটিটির বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান এম এ কাশেম, সদস্য রেহুমা রহমান, বেনজির আহমেদ, আজিম উদ্দিন, প্রো ভিসি প্রফেসর ইসমাইল হোসেন প্রমূখ বক্তৃতা করেন।
বসন্ত উৎসব বাঙালির জাতি সত্ত্বার বিকাশে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, বসন্ত উৎসব এই অঞ্চলে নানা দেশে নানা নামে পালিত হয়। ইরান থেকে চীন বসন্ত নতুন জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারুণ্যে বসন্তের ছোয়া লাগিয়ে প্রচলিত শিক্ষার জ্ঞান অর্জনের সাথে তরুণদেরকে ডিজিটাল দক্ষতা নিয়ে সামনে চলতে হবে। এর মানে তাদের কম্পিউটার বিশেষজ্ঞ হবার দরকার হবে না। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে। এর মাধ্যমে তরুণদেরকে নিজেদের জীবনে বসন্ত তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে পৃথিবীর যে কয়টি দেশ ভ্যাকসিন দিচ্ছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। দেশের শতকরা ৭২ ভাগ করোনা রোগী ঘরে বসে ডিজিটাল চিকিৎসা নিয়েছে।
২০০৮ সালের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পৃথিবীর কাছে একটি উন্নয়নের রোল মডেল বলে মন্ত্রী উল্লেখ করেন।