ট্যাব পাচ্ছে চট্টগ্রামের ১০ হাজার মেধাবী শিক্ষার্থী
জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের অধীনে চট্টগ্রামে ৯ম ও ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ৯ হাজার ৮৬৭ শিক্ষার্থীকে দেয়া হচ্ছে ট্যাবলেট পিসি। বৃহস্পতিবার (৩০ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে পিসি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি মুসলিম হাইস্কুলের মোট ১৮ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন তিনি।
এসময় সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, স্মার্ট জেনারেশন তথা স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মূল কারিগর আজকের শিক্ষার্থীরা। তাই তাদেরকে তথ্য প্রযুক্তিতে উন্নত করার বিকল্প নেই। স্মার্ট জেনারেশনকে তথ্যপ্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে হতে হবে আরও সচেতন। সকল প্রকার মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও গুজবের বিরুদ্ধে কঠোর মনোভাব ধারণ করতে হবে। সর্বোপরি এই স্মার্ট জেনারেশনের হাত ধরেই স্মার্ট বাংলাদেশের প্রথম উপাদান স্মার্ট সিটিজেন নিশ্চিত হবে।
জেলা প্রশাসক আরো বলেন, ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কর্ণধার হতে যাচ্ছে আজকের শিক্ষার্থীরা। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট জেনারেশন। যারা রাষ্ট্রীয় সম্পদ যেমন: গ্যাস, বিদ্যুৎ, পানি ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে হবে মিতব্যয়ী, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে হবে দৃঢ় প্রত্যয়ী। তারা প্রচলিত শিক্ষার পাশাপাশি অংশগ্রহণ করবে বিজ্ঞান ক্লাব, রোবোটিকস, স্কাউটিং, ডিবেটিংসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। যারা রুচিশীল ও মার্জিত আচরণের মাধ্যমে গড়ে তুলবে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ।
জেলাপ্রশাক জানান, গ্রাম থেকে শহর সকল পর্যায়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান বৃদ্ধির লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ট্যাবলেট বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরসহ ১৫টি উপজেলায় ৬০৩টি এমপিওভুক্ত স্কুল, ১৯টি স ৩৭টি স্কুল এন্ড কলেজ এবং ২৯০টি সাধারণ (আলিয়া) মাদ্রাসা রয়েছে। ট্যাবলেট বিতরণ নীতিমালা এবং জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯ম শ্রেণিতে ৬টি করে (৮ম শ্রেণি হতে মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের) এবং ১০ম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় উদ্যোগসহ প্রতিটি বিভাগে ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের ৯টি করে দেয়া হবে। প্রতিটি মাদ্রাসায়ও ৬টি করে দেয়ার সিদ্ধান্ত রয়েছে। তন্মধ্যে ৯ম শ্রেণিতে ০৩টি করে (৮ম শ্রেণি হতে মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের এবং ১০ শ্রেণিতে ৩টি ( নবম শেণি হতে সমন্বিত মেধা তালিকায় ১ম, ২য় এবং ৩য় স্থান অর্জনকারীদের) করে দেয়া হবে।
ট্যাব বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান, চট্টগ্রাম চট্টগ্রাম মুসলিম হাই স্কুলের শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত ছিলেন।







