টিকটকে ‘অশ্লীল’ ভিডিও আপলোড বন্ধে রিট

২৪ আগষ্ট, ২০২০ ১৬:০৯  
টিকটকের অশ্লীল ভিডিও কন্টেন্ট সরিয়ে ফেলতে এবং এ ধরনের অ্যাপস ব্যবহারের নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন। সোমবার (২৪ আগস্ট) সংশোধিত এই রিটটি দায়ের করেন তিনি। রিটে উল্লেখ করা হয়, অতি সম্প্রতি টিকটক ব্যবহার করে কিছু কিশোর-তরুণ অশ্লীল শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে কন্টেন্ট তৈরি করে সমাজে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করছে। যা সামাজিক অবক্ষয়ের দিকে পুরো ব্যবস্থাকে নিয়ে যাচ্ছে। এ থেকে প্রতিকার চেয়ে রিট করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চে রিটটি শুনানি হবে। প্রসঙ্গত, গত ২০ আগস্ট মাইক্রো ভিডিও অ্যাপ টিকটক থেকে সব ধরনের অশ্লীল ভিডিও বা কনটেন্ট সরিয়ে ফেলতে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তথ্য সচিব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিবকে আইনিটি নোটিশ পাঠিয়েছিলেন তিনি। সেখানে জবাক চেয়ে ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়া হয়েছিলো। এর আগে গত ৫ আগস্ট টিকটক থেকে অশ্লীল ভিডিও বা কনটেন্ট সরিয়ে ফেলা এবং এগুলো তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠান ওই আইনজীবী।