খুবিতে থ্রিএমটি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

২৮ অক্টোবর, ২০১৯ ১৯:২৩  
ডেঙ্গু প্রতিরোধক ভাইরাস ব্যবহার, মুরগি ও গো খাদ্যে প্রবায়োটিক ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর হরমন ও এন্টিবায়োটিক ব্যবহার রোধ, তেলাপিয়ার মাছের পর্দা ব্যবহার করে দগ্ধ রোগীর ক্ষতের উপশম, চিংড়ি মাছের খোলস ব্যবহার করে ন্যানোফাইবার তৈরিসহ নতুন নতুন গবেষণা উপস্থাপন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গবেষণা শিক্ষার্থীরা। জীববিজ্ঞান স্কুলের উদ্যোগে থ্রিএমটির (থ্রি মিনিট থিসিস) চূড়ান্তপর্বে এই গবেষণাগুলো উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিংয়ারিং ডিসিপ্লিনের রাহাগীর সালেকিন। যৌথভাবে রানার আপ হয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিংয়ারিং ডিসিপ্লিনের ফাবলিয়া রোদশী এবং ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের আইনুন নিশাত ফরাবী। পিপলস চয়েসে চ্যাম্পিয়ন হয়েছেন ফার্মেসি ডিসিপ্লিনের অসিত কুমার দত্ত। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুবির আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্তপর্বে ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: ফায়েক উজ্জামান, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. রায়হান আলী ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিব্লেট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। থ্রিএমটি প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।