কর বসবে ওটিটি সেবায়, ৫ সদস্যের কমিটি গঠন

৫ জুলাই, ২০২০ ২০:০০  
বিদেশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে কন্টেন্ট ও বিজ্ঞাপন প্রচারের বিষয়টিকে নিয়মনীতি ও করের আওতায় আনা হচ্ছে। এ জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (সম্প্রচার) আহ্বায়ক পাঁচ সদস্যের কমিটিতে জাতীয় রাজস্ব বোর্ড, বিটিআরসি এবং বাংলাদেশ ব্যাংকের একজন করে প্রতিনিধি রাখা হবে। রোববার (৫ জুলাই) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সে এক সভার শুরুতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ভিডিও সভায় তথ্যমন্ত্রী ছাড়াও অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. নূর-উর-রহমান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ এবং বিটিআরসি’র চেয়ারম্যান মো. জহুরুল হক। এছড়াও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন ও মো. মিজান-উল-আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা, বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ সিস্টেম এনালিস্ট মসিউজ্জামান খান এই সভায় অংশ নেন। মূলত, ওয়েব সিরিজ নিয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি গ্রামীণফোন ও রবি-কে দেয়া চিঠি নিয়ে এই সভা করা হয়। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, “গ্রামীণফোন যে উত্তর দিয়েছে সেখানে ঠিকভাবে ব্যাখ্যা নেই, আর ‘রবি’ উত্তর প্রস্তুত করছে বলে জানিয়েছে। এগুলোকে একটি সমন্বিত নিয়মনীতির মধ্যে আনার লক্ষ্যেই আমরা সভা করছি।” তিনি আরো বলেন, “ওটিটি প্ল্যাটফর্ম একটি ক্রমবর্ধমান ক্ষেত্র এবং এখানে হাজার হাজার কোটি টাকার ব্যবসার সুযোগ রয়েছে, যা অবশ্যই করযোগ্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্ম যেমন নেটফ্লিক্স, ইউটিউবের কাছে দেশের অনেক অর্থ চলে যাচ্ছে, কিন্তু সেখান থেকে সরকার যেভাবে ট্যাক্স পাওয়ার কথা তা পাচ্ছে না।”