ইউটিউব-এ নিষিদ্ধ হচ্ছে অ্যাডব্লকার

২ জুলাই, ২০২৩ ০১:৫৪  

বিজ্ঞাপন ছাড়া বিনা মূল্যে ইউটিউবে ভিডিও দেখার জন্য যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন, তাদের টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহারে বাধ্য করতে যাচ্ছে ইউটিউব। অ্যাড ব্লকার ব্যবহারকারীদের ঠেকাতে ‘তিন স্ট্রাইক নীতিমালা’ তৈরির পর এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার শনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।  

এ ব্যাপারে গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই-মেইলের মাধ্যমে প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জকে জানিয়েছেন,যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না; তারা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন না। যদি ভিউয়ার মনে করেন ভুলভাবে তাকে ফ্ল্যাগ করা হচ্ছে, তাহলে তিনি প্রদেয় লিংকে ক্লিক করে তার প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।

ব্যবহারকারীদের এ বিষয়ক বার্তা পাঠানানো সঙ্গে, পপআপে তিনটি সাদা রঙের বক্স দেখিয়ে বলা হচ্ছে, অ্যাড ব্লকার ব্যবহার করে তিনটি ভিডিও দেখলেই ভিডিও প্লেয়ার স্থায়ীভাবে ব্লক করা হবে।

বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার।