আসিয়ান অ্যাকাডেমি চালু করলো হুয়াওয়ে

২১ মে, ২০২০ ২২:১০  
হুয়াওয়ে আসিয়ান অ্যাকাডেমি উন্মোচন করলো হুয়াওয়ে মালয়েশিয়া। এ অঞ্চলে তরুণদের ডিজিটাল জ্ঞানের ক্ষমতায়নে বৃহস্পতিবার (২১ মে) এ প্ল্যাটফর্ম উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই প্লাটফর্মের মাধ্যমে আগামী পাঁচ বছরে ব্যবসা ও প্রযুক্তি খাতে ৫০ হাজারের বেশি তরুণকে প্রশিক্ষিত করবে হুয়াওয়ে। তরুণদের প্রশিক্ষণে এ অ্যাকাডেমি ৩ হাজারের বেশি আইসিটি কোর্স সুবিধা উন্মুক্ত করবে এবং ১শ’র বেশি প্রশিক্ষিত প্রশিক্ষক এসব কোর্সের সাথে যুক্ত থাকবেন। সরকারি সংস্থা, শিল্পসংশ্লিষ্ট পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইকোসিস্টেম নিয়ে সমন্বিত ধারণা দিতে অ্যাকাডেমির আইসিটি প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স নকশা করা হয়েছে বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ দৃশ্যপটভিত্তিক অনলাইন লাইভ ট্রেনিং এবং দেশের বাইরে শিক্ষা সফরের মাধ্যমে বৈচিত্রময় করার কথা জানিয়েছেন হুয়াওয়ে মাওলয়েশিয়ার প্রধান নির্বাহী মাইকেল ইউয়ান । এ বিষয়ে মালয়েশিয়ার কমিউনিকেশনস ও মাল্টিমিডিয়া মন্ত্রী ওয়াইবি দাতো সাইফুদ্দিন আব্দুল্লাহ বলেন, ‘মালয়েশিয়ার আসিয়ান অ্যাকাডেমি এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রথম অ্যাকাডেমি যা ডিজিটাল অর্থনীতির প্রবৃদ্ধিতে আইসিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিনিয়ত পরিবর্তনশীল ইকোসিস্টেমে মানিয়ে নিতে স্থানীয় তরুণদের সঠিক ও প্রয়োজনীয় আইসিটি জ্ঞানের মাধ্যমে প্রশিক্ষিত করতে এটা আগের চেয়েও অনেক বেশি জরুরি।’