আরও আট দেশে কম্পিউটারের জন্য গুগল প্লে গেমস

৪ নভেম্বর, ২০২২ ২১:৫০  
কম্পিউটারের জন্য গুগল তাদের প্লে গেমস পরিষেবাটি বিশ্বের আরও আটটি দেশে সম্প্রসারিত করেছে। সেই দেশগুলোর তালিকায় রয়েছে ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ৯টু৫গুগল এর প্রতিবেদন অনুযায়ী, এর আগে এই পরিষেবাটি কেবলমাত্র অস্ট্রেলিয়া, হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং থাইল্যান্ডের মার্কেটের জন্য উন্মুক্ত ছিলো। গুগল যে উইন্ডোজ় অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে, তার মাধ্যমে ৮৫টিরও বেশি অ্যান্ড্রয়েড গেম বিশ্বব্যাপী অ্যাক্সেসযোগ্য, যা এর আগে ৫০টির মতো ছিলো। খবরে বলা হয়, “বেটা সংস্করণে অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের ফোন, ট্যাবলেট, ক্রোমবুক এবং পিসি জুড়ে প্রিয় গেমগুলো নির্বিঘ্নে খেলতে পেরে আনন্দ প্রকাশ করেছেন।” চলতি বছরের শুরুর দিকে গুগল ঘোষণা করেছিলো যে, গুগল প্লে গেমস পিসিতে সীমিত সংখ্যক খেলোয়াড়ের জন্য বেটা এক্সপেরিয়েন্স হিসেবে আসবে। ডিবিটেক/বিএমটি