আমরা যুদ্ধজাহাজ তৈরির কাজ শুরু করেছি : প্রধানমন্ত্রী
আগামীতে নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রথমবার সরকারে আসার পর খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। এছাড়া, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জের ডকইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দিই। লক্ষ্য হলো, আমাদের নিজস্ব শিপইয়ার্ডে আমরা যুদ্ধজাহাজও তৈরি করবো। যার কাজ ইতোমধ্যে আমরা কিছু কিছু শুরুও করেছি। তাছাড়া কক্সবাজারের পেকুয়াতে আমরা সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি।’
বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম বিএনএ’তে অনুষ্ঠিত নৌবাহিনীর মিডশিপম্যান ২০১৮ আলফা এবং ডিইও ২০২০ ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন,‘নৌবাহিনীকে আরও শক্তিশালী করার জন্য ইতোমধ্যে আমরা ২৭টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। ২০১৭ সালে নৌবহরে দুটি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করেছি। ফলে বাংলাদেশ নৌবাহিনীকে আমরা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর সক্ষম হয়েছি। নৌবাহিনীতে আমরা এভিয়েশন সিস্টেম থেকে শুরু করে সবকিছুই করে দিয়েছি। পাশাপাশি প্রশিক্ষণকে উন্নত করার জন্য বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করে দিই। আর নৌবাহিনীর সদস্যদের আবাসন সমস্যা সমাধান করার জন্য ফ্ল্যাটও নির্মাণ করে দিয়েছি।’
অনুষ্ঠানে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পুরস্কার তুলে দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল।