পাবনায় গাছের নিচে চাপা পড়ে আলেমের মৃত্যু

পাবনা: নিজ এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে প্রায় দুই মাস আগে ঢাকার কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে ফিরেছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম। তবে সেই স্বপ্ন পূরণের আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার […] The post পাবনায় গাছের নিচে চাপা পড়ে আলেমের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

পাবনায় গাছের নিচে চাপা পড়ে আলেমের মৃত্যু
২৪ অক্টোবর, ২০২৬ ২৩:০০  

পাবনা: নিজ এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে প্রায় দুই মাস আগে ঢাকার কর্মস্থল ছেড়ে গ্রামের বাড়িতে ফিরেছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম। তবে সেই স্বপ্ন পূরণের আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির একটি বিটুলি গাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। নিজ এলাকায় মাদরাসা প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে ঈশ্বরদীতে বসবাসের পরিকল্পনা ছিল তার। মৃত্যুর আগপর্যন্ত তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

The post পাবনায় গাছের নিচে চাপা পড়ে আলেমের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.