ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন ওপেনক্লর প্রতিষ্ঠাতা
ওপেন সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ওপেনক্লর-এর প্রতিষ্ঠাতা পিটার স্টাইনবার্গার ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন। রোববার এক ঘোষণায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান জানান, ব্যক্তিগত সহকারী প্রযুক্তির পরবর্তী প্রজন্ম এগিয়ে নিতে স্টাইনবার্গার প্রতিষ্ঠানটিতে কাজ করবেন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ওপেনক্লরকে একটি স্বতন্ত্র ফাউন্ডেশনের অধীনে ওপেন সোর্স প্রকল্প হিসেবে রাখা হবে, যেটিকে ওপেনএআই সমর্থন অব্যাহত রাখবে।
ইমেইল ব্যবস্থাপনা, বিমানে ওঠার সময় চেক-ইন, বীমা সংক্রান্ত কাজসহ নানা দৈনন্দিন কাজে সহায়তার জন্য পরিচিত এই সহকারী গত নভেম্বর উন্মুক্ত হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পায়। স্বল্প সময়েই সফটওয়্যার ভাণ্ডারে বিপুল সমর্থন এবং বিপুল ব্যবহারকারী যুক্ত হয়।
তবে জনপ্রিয়তার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি নিয়েও সতর্কতা এসেছে। ভুলভাবে কনফিগার করা হলে সাইবার হামলা ও তথ্য ফাঁসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে চীনের শিল্প মন্ত্রণালয়।
স্টাইনবার্গার জানিয়েছেন, ওপেন সোর্স নীতির স্বাধীনতা বজায় রেখেই তাঁর উদ্যোগ আরও বিস্তৃত করতে চান তিনি।
ডিবিটেক/বিএমটি







