৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৫৫  

কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করা এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করা, কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করা এবং উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন সুযোগ না দেওয়ার দাবিতে আন্দোলনে নামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এসব দাবি পূরণে সোমবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা এলাকায় ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে একদল শিক্ষার্থী সড়ক অবরোধ করছেন। এতে মগবাজার-মহাখালী, খামারবাড়ি-ফার্মগেট-শাহবাগ-কারওয়ান বাজার সড়কে যানজট সৃষ্টি হয়। দুপুর নাগাদ কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় পুরোটাই যানজটে স্থবির হয়ে পড়ে।

গুগল ম্যাপে এসব রাস্তার পুরোটাই লাল দেখা গেছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, মগবাজার, ইস্কাটন, হাতিরঝিলের আশপাশের সড়কগুলো লাল হয়ে রয়েছে। অর্থাৎ এসব রাস্তায় যানজট তীব্র।  এসব এলাকায় শত শত গাড়ি আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে অ্যাম্বুলেন্স দেখলেই ছেড়ে দেন আন্দোলনকারীরা। 

সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন জানিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেছেন, অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ডিএমপি তেজগাঁও জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) স্নেহ শীষ জাানান, সকাল থেকে শিক্ষার্থীরা সাত রাস্তায় সড়ক বন্ধ করে আন্দোলন করছে। এতে এই সব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা জানিয়েছেন, কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিজয়সরণি উড়ালসড়কে গাড়ি চলতে দেওয়া যাচ্ছে না। এ কারণে সংশ্লিষ্ট অন্যান্য এলাকায় যানজট হয়েছে।