২০৩০ সালে চীনের ডিজিটাল অর্থনীতি পৌঁছাবে ৮০ ট্রিলিয়ন ইউয়ানে

২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৮  

চীনের ডিজিটাল অর্থনীতি আগামী কয়েক বছরে দ্রুত বিকাশ লাভ করবে এবং ২০৩০ সালের মধ্যে মোট ডিজিটাল অর্থনৈতিক আউটপুট ৮০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছাবে বলে জানিয়েছে চীনের একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। খবর সিজিটিএন।

প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের বার্ষিক গড় বৃদ্ধি আগামী তিন বছরে ৮ শতাংশে পৌঁছাবে। বাস্তব অর্থনীতির সাথে ডিজিটাল প্রযুক্তির সংযোগ এবং মোট ফ্যাক্টর উৎপাদনশীলতার উন্নতি এই বৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ওয়াং চিছিন জানান, চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে ডিজিটাল প্রযুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় অবদান রাখবে। মোট ফ্যাক্টর উৎপাদনশীলতায় ডিজিটাল প্রযুক্তির গড় অবদান বিগত চার বছরে ২২.৫ শতাংশ থেকে বেড়ে ২৩.২ শতাংশে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ব্লকচেইন, এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তি বিভিন্ন শিল্পে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি নতুন নতুন ব্যবসায়িক মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিবিটেক/বিএমটি