স্টেবলকয়েনের দাম কমেছে ১৪ শতাংশ

১০ জুন, ২০২২ ১৮:৫৭  
চলতি বছরের মে মাসের শেষ দিকে স্টেবলকয়েনের বাজারমূল্য ১৪ শতাংশ কমে ১৬ হাজার ২০০ কোটি ডলারে নেমেছে। ফিচ রেটিংসের তথ্য বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) শেষে এ ক্রিপ্টোকারেন্সির মূল্য ছিলো ১৮ হাজার ৮০০ কোটি ডলার। খবর রয়টার্স ও বণিকবার্তা। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম তিন মাসে স্টেবলকয়েনের বাজার ১৫ শতাংশ বেড়ে ১৮ হাজার ৮০০ কোটি ডলারে উন্নীত হয়। এর মাঝে বাধা হয়ে দাঁড়ায় টেরার ঘটনা। মে মাসের ১১ তারিখে টেরা স্টেবলকয়েনের বাজারদর তলানিতে গিয়ে ঠেকে। এর সূত্র ধরে বৈশ্বিক স্টেবলকয়েনের পরিমাণ নিম্নমুখী হয়। এ বিষয়ে ফিচ রেটিংসের প্রধান গবেষক মনসুর হোসেন বলেন, মে মাসের শেষ নাগাদ ইউএসটির বাজারের পুঁজি কমে ৩০ কোটি ডলারে নেমে আসে। অথচ প্রথম প্রান্তিক শেষে এর পরিমাণ ছিল ১ হাজার ৬০০ কোটি ডলার। চলতি বছরের মে মাসে ব্যাপকভাবে ক্রিপ্টোমুদ্রার বিক্রি কমে। ২৪ ঘণ্টায় ক্রিপ্টোর মান ২০ হাজার কোটি ডলার কমে। ইউএসটির মূল্য ২০ সেন্টে আসার ফলে ক্রিপ্টোর মান নিম্নমুখী হয়। এ বিষয়ে ফিচ রেটিংসের জ্যেষ্ঠ বিশ্লেষক ক্লোয়ি অ্যান্ড্রিউ বলেন, ইউএসটি ধসের ঘটনায় বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়। প্রথম প্রান্তিকের শেষ থেকে মে মাসের শেষ নাগাদ টিথারের বাজারমূল্য ১১ শতাংশ কমে গিয়েছে। ডিবিটেক/বিএমটি