সংসদ ভবন ডিজিটালাইজেশনে নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমত্রী শেখ হাসিনা সংসদ ভবন পরিচর্যা, রক্ষণাবেক্ষণ ও ডিজিটালাইজেশনের ব্যাপারে অত্যন্ত সচেতন। শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। যা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার (০৪ অক্টোবর) সংস্কার করা ‘সংসদ সদস্য ভবন-১ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্পিকার ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে তিনি আরো বলেন, সংস্কার করা ভবনটি বসবাসের অত্যন্ত উপযোগীই শুধু নয়, পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন ব্যবস্থাপনা ইত্যাদির আধুনিকায়নের মাধ্যমে এর গুণগত পরিবর্তন আনা হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
অনুষ্ঠানে এমপি মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহনওয়াজ, নাহিদ ইজাহার খান, গ্লোরিয়া ঝর্ণা সরকার, কানিজ ফাতেমা, এনামুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।