শিশুদের প্রোগ্রামিং শেখানোর আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

২২ জুন, ২০২০ ১৬:২৬  
অংক, ইংরেজি ও বিজ্ঞানের সঙ্গে প্রতিটি শিশু-কিশোরকে প্রোগ্রামিং শেখানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সোমবার (২২ জুন) জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের সম্পূর্নটা মেধা নির্ভর। আর্টিফিশিয়াল, রোবটিকস ও ব্লকচেইন পৃথিবীকে দ্রুত বদলে দিচ্ছে। এ জন্য প্রোগ্রামিং শেখার বিকল্প নেই। এসময় তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাংলা ভাষায় প্রোগ্রামিং শিক্ষার অনলাইন প্লাটফর্ম ই-শিক্ষা.নেট ব্যবহারে সকলের প্রতি আহ্বান জানান। জুনাইদ আহমেদ পলক বলেন, প্রোগ্রামিং ভবিষ্যতের ভাষা। কেননা এটি যন্ত্রের সঙ্গে মানুষ এমনকি যন্ত্রের সঙ্গে যন্ত্রের যোগাযোগের মাধ্যমও বটে। বক্তব্যে বর্তমানে পৃথিবী পরিচালনায় প্রোগ্রামারদের ভূমিকার কথা উল্লেখ করে ‘ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে’ বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী। আর এ জন্য শিগগিরি স্কুল পর্যায়ে আরো সাড়ে ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানান জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, ভারতের নৈনিতলায় সপ্তম শ্রেণীতে পড়ার সময় ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজীব ওয়াজেদ জয় ভাইয়ে কম্পিউটারে হাতে খড়ি। তার পরমর্শে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করতে পেরেছি। শৈশব ও কৈশর থেকেই যেন শিক্ষার্থীরা প্রোগ্রামিং জানতে পারে এ জন্য ইতোমধ্যেই আট হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব গড়ে তোলা সম্ভব হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পর্থ প্রতম দেবের সভাপতিত্বে এসময় বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোহেল রহমান, ঢাকা বিশ্ববিদ্যলয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা লাফিফা জামাল, অধ্যাপক জাফর ইকবাল, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম প্রমুখ সংযুক্ত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিযোগিতা বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান।