শিক্ষার্থী-গবেষকদের সম্মতিতে যৌথ কংগ্রেস ঘোষণা

১৯ জুলাই, ২০২০ ১৫:৩২  
বিভিন্ন দেশ থেকে বাংলাভাষী বিজ্ঞানীদের অনলাইন উপস্থিতিতে অনুষ্ঠিত হলো যৌথ কংগ্রেস। অনলাইন শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসের শেষ দিন রবিবার প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই আয়োজন। এসময় শিক্ষার্থীরা গবেষকদের সঙ্গে বিজ্ঞান ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে। বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে কংগ্রেস সঞ্চালনা করেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির একাডেমিক ফেলো ইব্রাহীম মোদাসসির। শিশুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের অনুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, ইউনিভার্সিটি অব আলাবামার কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাগিব হাসান, ইউনিভার্সিটি অব আরাকানসাস, ফোর্ট স্মিথের সহকারী অধ্যাপক ড. মোঃ আব্দুল হালিম,আইবিএম থমাস জে ওয়াটসন সেন্টা তত্ত্বীয় কোয়ান্টাম কম্পিউটার বিজ্ঞানী ড ওমর শেহাব। শিশুদের বিজ্ঞান বিষয়ে উব্দুদ্ধ করতে নিজেদের কাজ সম্পর্কে তুলে ধরেন দুবাইয়ের কলেজ অফ মেডিসিনের হিউম্যান জেনেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ উদ্দিন দাফিল, ইন্টারক্লাউড লিমিটেডের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) তানভীর এহসানুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন ড. জেবা ইসলাম সেরাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বীয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. এম. নুরুজ্জামান খান, আমাজনের অ্যাপ্লায়েড সায়েন্টিস্ট ড. সুদীপ্ত কর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। আলোচনায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, “আমি যখন স্কুলে পড়তাম, তখন সবাইকে চমকে দেওয়ার জন্য গবেষণা শুরু করি”। বিজ্ঞান ভালো ভাবে বুঝার জন্য তিনি কোচিং ও প্রাইভেটে না গিয়ে নিজে নিজে শিক্ষার্থিদেরকে শেখার জন্য উৎসাহ দেন তিনি। জিন প্রতিস্থাপন নিয়ে শিশু-কিশোরদের নিজের গবেষণার কথা শোনান বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রানবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ।  পাটের জিনোম নিয়ে গবেষণার আগ্রহের কারণ শিক্ষার্থিদের সামনে তুলে ধরেন একই বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের অণুজীববিজ্ঞানী ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্য পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের সদস্য ড. সেঁজুতি সাহা শিক্ষার্থীদের গবেষণা সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার আহবান জানান। যৌথ কংগ্রেসে সবার আলোচনার ভিত্তিতে কয়েকটি ঘোষণা তৈরি করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও গবেষকদের সম্মতির ভিত্তিতে ঘোষণাগুলো পাশ করা হয়।