বিল গেটস-কে ‘প্রথম আমেরিকান বন্ধু’ বললেন চীনের প্রেসিডেন্ট সি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের দীর্ঘ প্রতীক্ষিত চীন সফরের ঠিক আগ মুহূ্র্তে শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকার করলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে প্রেসিডেন্ট সি বিল গেটসকে বেইজিংয়ে এসে দেখা করা ‘প্রথম আমেরিকান বন্ধু’ বলে উল্লেখ করেছেন।
চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট সি বিল গেটসকে বলেছেন, আমি প্রায়শই বলি যে, চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি জনগণ। আমরা সব সময় আমেরিকান জনগণের দিকে তাকিয়ে থাকি এবং আশা করি যে, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে।’
এর আগে গেটস বুধবারে বেইজিংয়ে পৌঁছে এক টুইট বার্তায় লেখেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে “বিশ্ব স্বাস্থ্যসেবা ও উন্নয়ন সংকট দূর করায় নিবেদিত অংশীদারদের সঙ্গে সাক্ষাত করতে এসেছি।”
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি ব্যবসায়িক ব্যক্তিত্বের সঙ্গে প্রেসিডেন্ট সির এটাই প্রথম বৈঠক। ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন দেওয়ার পর থেকে বিদেশ ভ্রমণ করেননি সি। প্রেসিডেন্ট সি এবং বিল গেটস সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৫ সালে।
চলতি বছর টেসলার মালিক ইলন মাস্ক, জেপি মরগানের জেমি ডিমন এবং অ্যাপলের টিম কুক চীন সফর করেছেন। তবে তারা চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও প্রেসিডেন্ট সির সঙ্গে সাক্ষাৎ করেননি।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-চেয়ারম্যান হিসেবে বিল গেটস চীন ভ্রমণ করছেন। ২০২০ সালে গেটস বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনে পূর্ণকালীন সময় দিতে মাইক্রোসফটের পরিচালনা বোর্ড থেকে পদত্যাগ করেন। ১২ বছর আগে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ছাড়েন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ২০১৯ সালের পর প্রথম চীন সফরকারী মার্কিন মন্ত্রী হিসেবে সপ্তাহের শেষ নাগাদ বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের মধ্যে এই সফরে সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হবে বলে আশা করছেন না পর্যবেক্ষকেরা।





