বাংলাদেশে ৫জি ‘কারিগরি সহায়তা’ দিতে প্রস্তুত হুয়াওয়ে

১০ নভেম্বর, ২০১৯ ০৯:৩১  
বাংলাদেশে ৫জি প্রযুক্তির জন্য ‘কারিগরি সহায়তা’ দিতে প্রস্তুত চীনা প্রযুক্তি হুয়াওয়ে। কারিগরি সহায়তার বিষয়টি নিয়ে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আলোচনা শেষে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শিনহুয়া-কে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ব্রুস লি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রশংসা করে লি বলেন, “২০টিরও বেশি দেশের ৪০ জন টেলিকম অপারেটর বাণিজ্যিকভাবে ৫জি নেটওয়ার্ক ব্যবহার করছে”। এক বিবৃতিতে হুয়াওয়ে জানিয়েছে, এরই মধ্যে ৫জি প্রযুক্তি বিষয়ে ৬০টিরও বেশি বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেছে হুয়াওয়ে, এদের মধ্যে বিশ্বের প্রধান প্রধান মোবাইল সেবাদাতারাও রয়েছে। এ ছাড়াও বিশ্ব বাজারে চার লাখেরও বেশি ‘মিমো অ্যাক্টিভ অ্যান্টেনা ইউনিট’ (এএইউএস) রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। বিবৃতিটিতে আরও বলা হয়েছে, “ডিজিটাল রূপান্তরের অংশীদার হিসেবে হুয়াওয়ের সঙ্গে হাত মিলিয়েছে সাতশ’রও বেশি শহর, ফরচুন ৫০০ এর মধ্যে থাকা ২২৮টি প্রতিষ্ঠান এবং ফরচুন ১০০ এর মধ্যে থাকা ৫৮টি প্রতিষ্ঠান।”