বাংলাদেশে সর্ববৃহৎ সেন্ট্রালাইজড নেবুলাইজার সিস্টেম উদ্বোধন

৭ মার্চ, ২০২১ ২২:৩২  
নওগাঁ সদর হাসপাতালে স্থাপন করা হলো এটুআই ইনোভেশন ল্যাবের তত্ত্বাবধানে উদ্ভাবিত দেশের সর্ববৃহৎ সেন্ট্রাল নেবুলাইজার সিস্টেম । রবিবার স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৫) ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এই সিস্টেমটির উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো: হারুন অর-রশীদ, নওগাঁ হাসপাতালের সিভিল সার্জন এ.বি.এম আবু হানিফ, নওগাঁ মেডিকেল কলেজ এর প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোহাম্মদ আব্দুল বারী ও রানার গ্রুপের স্পন্সর ডিরেক্টর ও নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ড্রাষ্ট্রির সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহাম্মদ সাঈদুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট তৌফিকুর রহমান, সহকারী উদ্ভাবকদ্বয় দীপক কুমার শীল ও মোঃ সোহেল রানা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা । এটুআই ইনোভেশন ল্যাব কর্তৃক উদ্ভাবিত এই নেবুলাইজার সিস্টেমটি অত্যন্ত সাশ্রয়ী এবং সহজে স্থাপনযোগ্য। বাংলাদেশের একমাত্র মোটরসাইকেল নির্মাতা ও রপ্তানীকারক প্রতিষ্ঠান রানার গ্রুপের চেয়্যারম্যান হাফিজুর রহমান খান এর সামাজিক দায়িত্ব সম্পাদন প্রক্রিয়ার আওতায়, নওগাঁ জেলা প্রশাসক ও হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই উদ্ভাবনটির উদ্ভাবক আনোয়ার হোসেন মাত্র একমাসে ৩৪টি আউটলেটের মাধ্যমে এই সিস্টেমটি স্থাপন করেন। যেকোন মুর্হূতে ৩৪জন শ্বাসকষ্টজনিত রোগিকে একইসাথে নেবুলাইজ করা সম্ভব। এর আগে এই প্রকল্পটি সফলভাবে গত দুইবছর যাবত বাংলাদেশ বক্ষব্যাধি হাসপাতালে প্রায় লক্ষাধিক রোগিকে সেবা দিয়ে আসছে। সেই সাথে দেশের বিভিন্ন জেলায় ছোট পরিসরে এই সেবা চলমান। আজ প্রথমবারের মতো এই সেন্ট্রালাইজড নেবুলাইজার সিস্টেমটি সর্ম্পূণ হাসপাতালে একাধিক কেবিন ও ওয়ার্ডে স্থাপন করা হয়েছে। ডিজিটাল বাংলদেশ গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নাধীন ও ইউএনডিপি-র সহায়তায় পরিচালিত এটুআই দেশব্যাপী নানামুখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করছে। এর আওতায় বিভিন্ন নাগরিক সেবা সহজিকরণ ও বিদ্যমান নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ইনোভেশন ফান্ডের মাধ্যমে বিভিন্ন উদ্ভাবনী প্রস্তাবনাকে ফান্ড প্রদান করা হয়। এই সেন্ট্রালাইজড নেবুলাইজার সিস্টেম তারই অন্যতম একটি দেশীয় উদ্ভাবন।