ডিজিটাল সংযুক্তিতে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় : মন্ত্রী

২৮ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৩  
  ডিজিটাল সংযুক্তিকে চতুর্থ শিল্প বিপ্লবের মেরুদন্ড উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল সংযুক্তিতে বাংলাদেশ বিশ্বে অনুকরণীয় অবস্থানে উপনীত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় ( বুয়েট) এ আইইই কমিউনিকেশন্স সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত টেলিকমিউনিকেশন্স এন্ড ফটোনিক্স শীর্ষক আইইই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন মন্ত্রী। বুয়েট উপাচার্য প্রফেসর সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে, সিটি ইউনিভার্সিটি, লন্ডন এর অধ্যাপক প্রফেসর বিএম আজিজুর রহমান, ইউনাইটেড ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর রকিবুল মোস্তাফা এবং বুয়েট অধ্যাপক প্রফেসর সত্য প্রসাদ মজুমদার প্রমূখ বক্তৃতা করেন। মোস্তাফা জব্বার বলেন, ২০২১ সালে ফাইভ জি প্রযুক্তি চালুর মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন সভ্যতার যুগে প্রবেশ করার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অতীতে তিনটি শিল্প বিপ্লবে শরীক হতে না পেরে শতশত বছরের পশ্চাৎপদতা কাটিয়ে চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সরকারের সাথে তিনি সংশ্লিষ্ট প্রযুক্তি সংক্রান্ত উদ্ভাবক, গবেষক, শিক্ষাবীদ এবং ইন্ডাস্ট্রিজকে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান। এসময় অপটিক্যাল ফাইভার এবং মোবাইল যোগাযোগ ব্যবস্থার বিকাশে টেলিকমিউনিকেশন্স এবং ফটোনিক্স প্রযুক্তিকে অত্যন্ত কার্যকর একটি প্রযুক্তি হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। নাইজেরিয়ায় ল্যাপটপ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কম্পিউটার রপ্তানি করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৯০০টি ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন। এসব সেবা যাতে মোবাইল ফোনের মাধ্যমে পোঁছানো যায় সরকার সে লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, দেশের উৎপাদিত ৯ টি মোবাইল কারখানা দেশের শতকরা ৫০ভাগ চাহিদা মেটাতে সক্ষম। টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বুয়েট দক্ষ জনসম্পদ তৈরি করে। চতুর্থ শিল্প বিপ্লবে যারা কাজ করে তারা যথাযথভাবে ইন্ডাস্ট্রিজের সাথে মিলে কাজ করতে পারলে পিছিয়ে থাকার সুযোগ নেই।