উচ্চগতির মানসম্মত ইন্টারনেটের দাবিতে কুবিতে মানববন্ধন

১৯ জুলাই, ২০২২ ১১:১৩  
কুমিল্লা বিদ্যালয়ের (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মানসম্মত ওয়াইফাই সংযোগ সংস্থাপন এবং হলের পুরাতন অংশে নিম্নমানের রাউটার পরিহার করে উচ্চ গতিসম্পন্ন রাউটার প্রতিস্থাপনের দাবিতে মানববন্ধন করেছে আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করা হয়। মানবন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মানসম্মত উচ্চগতির ইন্টারনেটের পাশাপাশি খাবারের ভর্তুকি প্রদান, হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন, পরিচ্ছন্ন কর্মী নিয়োগের দাবিও রয়েছে। মানববন্ধন থেকে সাতদিনের মধ্যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে সমস্যা সমাধান না করলে কঠোর কর্র্মসূচি দেয়ার ঘোষণা দেন বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল বাশার সাকিব। এ বিষয়ে হল প্রভোস্ট ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম-ইসলাম জানিয়েছেন, হলের এই সমস্যাগুলো নিয়ে তিনি প্রশাসনকে আগেও জানিয়েছেন। তিনি বলেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি এক্ষেত্রে প্রশাসন কোন পদক্ষেপ না নিলে আমার কিছু করার নেই। কর্তৃপক্ষ যদি আমাকে চিঠি দেয় তাহলে আমি এই বিষয়গুলো সমাধান করতে আবার বলবো।