আয়কর মেলায় অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক চালু
আয়কর রিটার্ন জমায় রবিবার (৩ নভেম্বর) থেকে কর অফিসগুলোতে শুরু হচ্ছে মাসব্যাপী সেবা কার্যক্রম। এবার এই মেলায় থাকছে অনলাইনে রিটার্ন পূরণের হেল্প ডেস্ক। এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, অনলাইনে রিটার্ন পূরণে কোনো কাগজপত্র জমা দিতে হবে না।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, আমরা আয়করদাতাদের অনলাইনে রিটার্ন জমা দিতে উৎসাহ দিতে চাই। ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেওয়া যাবে। ফলে আর ট্যাক্স অফিসে যেত হলো না, ব্যাংকে যেতে হলো না। সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে প্রাপ্তি স্বীকারপত্র।
তবে যারা কর অফিসে যেতে চান না, তাদের জন্য এবার উদার এনবিআর। কয়েক বছরের চেষ্টায় অনলাইন ট্যাক্স রিটার্ন জমার ব্যবস্থা আরও উন্নত করেছে সংস্থাটি। কর্মকর্তারা জানান, etaxnbr.gov.bd সাইটে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আয়-ব্যয়ের প্রয়োজনীয় তথ্য দিয়ে রিটার্ন পূরণ করতে হবে। আপলোড করতে হবে না কোনো দলিলপত্র। অনলাইনেই মিলবে রিটার্ন জমার প্রমাণপত্র।
তিনি আরও বলেন, ওয়েবসাইটে শুধু ডাটা দিলেই সহজেই হিসাব হয়ে যাবে। করদাতাদের কোনো ঝামেলা হবে না অনলাইনে রিটার্ন দাখিলে।
এদিকে গত কয়েক বছরের ধারাবাহিকতায় আয়কর রিটার্ন জমা নিতে এবারও কর অফিসে বিশেষ ব্যবস্থা থাকছে করদাতাদের জন্য। নভেম্বরজুড়ে এক ছাদের নিচে মিলবে রিটার্ন পূরণ, ইটিআইএন নেওয়াসহ নানা সেবা। এ জন্য প্রস্তুত করা হয়েছে সারা দেশের ৪১ কর অঞ্চলের ৬৫০ সার্কেল। এসব সার্কেলে মেলার মতো পরিবেশ নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এবারও সরকারি কর্মচারিদের জন্য সচিবালয়ে রিটার্ন জমার বুথ বসাবে এনবিআর। যা চালু থাকবে ৩ থেকে ১৭ নভেম্বর। আর শেরেবাংলা নগরে সরকারি কর্মচারীরা এই সেবা পাবেন ১৯ থেকে ২৩ নভেম্বর। এবারো সেনা মালঞ্চে সামরিক বাহিনীর সদস্যদের রিটার্ন জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
এবার ঢাকার দুটিসহ চার সিটি করপোরেশনের সরকারি কর্মচারীদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংকসহ কিছু বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্যও একই নিয়ম করা হয়েছে।







