আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য নেবে অ্যামাজান

১৭ জুলাই, ২০১৯ ১২:০০  
আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য নেবে অ্যামাজান। এর ফলে ছোট ও মাঝারি উদ্যোক্তারা সহজেই বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারবে। কোনো মধ্যসত্বভোগীর প্রয়োজন হবে না। বাংলাদেশে কোনো অফিস স্থাপন না করেই পোশাক শিল্প, আইটিপণ্য, ঔষধ ইত্যাদি পণ্যের ক্ষেত্রে এই সেবা দিতে যাচ্ছে অ্যামাজান। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কেননা বাংলাদেশের কস্টমস ও শুল্ক আইন সংশ্লিষ্ট শর্তগত জটিলতায় এই কার্যক্রম শুরু করতে আরো একটু সময় লাগবে। সমস্যা সমাধানে ৩টি বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। বুধবার সকাল ৯টায় তথ্যপ্রযুক্তি বিভাগে অ্যামাজন প্রতিনিধি গগন দিপ সাগর এবং স্থানীয় উৎপাদকদের সঙ্গে আলোচনা শেষে এ তথ্য জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী জানান, অ্যামাজন কর্তৃপক্ষ বাংলাদেশের উদ্যোক্তাদের পণ্য আমেরিকা ইউরোপের ওয়্যারহাউজগুলোতে নিয়ে নিজেদের বৈশ্বিক প্ল্যাটফর্মে বিক্রি করতে চাচ্ছে। এজন্য ১৫টি খাত ধরে রপ্তানিযোগ্য পণ্য বাছাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের বাজার সহজেই বাংলাদেশের দখলে যাবে। পলক বলেন, অ্যামাজনের বৈশ্বিক প্ল্যাটফর্মে দেশের পণ্য বিক্রি করা গেলে ২০৩০ সালের মধ্যে দেশের রফতানি আয় দ্বিগুণ করা সম্ভব হবে। কিন্তু অ্যামাজনের সঙ্গে ব্যবসায় রপ্তানি প্রক্রিয়া শুরু করতে বিদ্যমান নীতিমালা সংশোধন করা হবে কি না প্রশ্নের জবাবে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি বলেন, বিষয়টি নমনীয়তার সঙ্গে দেখা হবে। পাশাপাশি স্থানীয়ভাবে যারা অ্যামাজনে পণ্য রপ্তানি করতে চান তাদেরকে সহযোগিতা ও প্রশিক্ষণ দেবে আইসিটি বিভাগ।