“আরডুইনো খুদে বিজ্ঞানী” পদক ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আরডুইনো সপ্তাহ

২৩ মে, ২০২০ ২২:১৩  
সপ্তাহব্যাপী নানা আয়োজন শেষে শনিবার বিকালে আরডুইনো প্রোজেক্ট প্রদর্শনী এবং অনলাইন কুইজের ফলাফলের পাশাপাশি আরডুইনো খুদে বিজ্ঞানী পদক ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো আরডুইনো সপ্তাহ -২০২০। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং মাকসুদুল আলম সায়েন্স ল্যাবরেটরির (ম্যাসল্যাব) উদ্যোগে গত ১৮ মে তারিখ থেকে অনলাইনে এই শুরু হয় এই বিজ্ঞান উৎসব। গত ২১ মার্চ তারিখে এ দিবসটি পালন করার কথা থাকলেও বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে এর উদযাপন পিছিয়ে যায়। তারিখ কিছুটা পিছিয়ে গেলেও গত ১৮ মে তারিখ থেকে অনলাইনেই এ আয়োজন শুরু করে বিডিওএসএন ও ম্যাসল্যাব। সপ্তাহব্যাপী এই অনলাইন আয়োজনে ছিল টিঙ্কারকেড ভিত্তিক বেশ কয়েকটি অনলাইন আরডুইনো ক্লাস। ছিল বিশেষজ্ঞদের সাথে দুটি ওয়েবিনারে অংশ নেওয়ার সুযোগ এবং আরডুইনো নিয়ে নিজের অভিজ্ঞতা সম্পর্কে ছোট্ট রোবট মাস্টারমাইন্ডদের একটি অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সেশন। এছাড়াও এই উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে, একটি অনলাইন কুইজ। উল্লেখ্য,কুইজে উত্তীর্ণ হওয়া প্রথম ১০ জনকে আরডুইনো সার্টিফিকেট দেওয়া হবে। আরডুইনোর সূচনা ও আরডুইনো সপ্তাহের এজেন্ডা নিয়ে বিশেষ আলোচনার মধ্য দিয়ে গত ১৮ মে তারিখে শুরু হয় প্রথম দিনের কর্মসূচি, অংশ নিয়েছেন বিডিওএসএন ও ম্যাসল্যাবের মেন্টরবৃন্দ। সপ্তাহব্যাপী এই অনলাইন আয়োজনের পরবর্তী সেশন ছিল একই দিন রাত ৮ টায়। আরডুইনো নিয়ে কাজ শুরু করার একটা ভালো উপায় আরডুইনো অফিসিয়াল স্টার্টার কিট। “অফিসিয়াল স্টার্টার কিট: গেটিং স্টার্টেড” শিরোনামে এ বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের আইওটি ডিভিশনের জুনিয়র ইন্জিনিয়ার মাহেরুল আজম কোরেশী। ১৯ মে তারিখে আরডুইনো সপ্তাহের দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় বিকাল ৪ টায়। ২০১৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী দলের সদস্যরা এ আয়োজনে যুক্ত হন আরডুইনো নিয়ে তাদের কাজ করার প্রথম অভিজ্ঞতার কথা তুলে ধরার জন্য। ক্ষুদে রোবটবিদদের সাথে অনুষ্ঠিত এ আড্ডা সঞ্চালনা করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরিস আনলিমিটেড প্রকল্পের আইসিটি কো-অর্ডিনেটর মিশাল ইসলাম।এই উদযাপনের অংশ হিসেবে আরডুইনো কমিউনিটি বাংলাদেশের সহযোগিতায় টিঙ্কারকেডের সাথে আরডুইনো অনলাইন ক্লাসের আয়োজন করা হয়। আরডুইনো কমিউনিটি বাংলাদেশের মেন্টররা আরডুইনোতে তিনটি অনলাইন ক্লাস নেন।আরডুইনো সপ্তাহের তৃতীয় দিনের উদযাপনে ছিল বিডিওএসএন এবং ম্যাসল্যাবের বিশেষ আয়োজন –“আরডুইনো ফর ইন্ডাস্ট্রি সলিউশন”। বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান এবং কোড ১৯ অস্ট্রেলিয়া এর ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট ইমতিয়াজ ফারহান বিন হাবিব।বিডিওএসএনের ফেসবুক পেজ থেকে দুপুর ২ টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করা হয় এই ওয়েবিনারটি। চতুর্থ দিনের উদযাপনে দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় “আরডুইনো ফর এসটিইএম এডুকেশন” শীর্ষক একটি বিশেষ ওয়েবিনার। আলোচনায় যোগদান করেন আইওটি ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. ইমরান মোঃ আমিন।পঞ্চম দিনের উদযাপনে বিকাল ৪ টায় ছিল আরডুইনো প্রোজেক্ট প্রদর্শনী। বিডিওএসএনের কাছে জমা হওয়া আরডুইনো প্রোজেক্টগুলো থেকে বাছাইকৃত ২২ টি প্রোজেক্ট এর আগেই তারা তাদের ফেসবুক পেজে প্লেলিস্ট আকারে প্রকাশ করে, তার মধ্য থেকে নির্বাচিত কয়েকটি বিশেষ প্রোজেক্ট নিয়ে পর্যালোচনা করা হয় এই সেশনে। আলোচনা করা হয় প্রোজেক্টগুলোর সুবিধা, অসুবিধা, আরও উন্নত করার উপায় নিয়ে। আরডুইনো দিয়ে যেকোনো প্রোজেক্ট তৈরির সময় কোন বিষয়গুলোর উপর লক্ষ রাখা উচিত তাও আলোচিত হয় এ সেশনে।অপরদিকে ওই দিনের দ্বিতীয় আকর্ষণ ছিল রাতে অনুষ্ঠিত আরডুইনো অনলাইন পরীক্ষা। অনলাইনে রাত ৮ টা ৪০ মিনিট থেকে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত হওয়াএই পরীক্ষাটিতে অংশগ্রহন করে ১০০ এর বেশি শিক্ষার্থী। সর্বশেষ আয়োজনে শনিবার বিকাল ৩ টায় অনলাইনেই অনুষ্ঠিত হয় আরডুইনো সপ্তাহের সমাপনী অনুষ্ঠান ।এ অনুষ্ঠানে আরডুইনো প্রোজেক্ট প্রদর্শনীর এবং অনলাইন কুইজের ফলাফল ঘোষণা করার পাশাপাশি সপ্তাহব্যাপী আয়োজিত সকল অনুষ্ঠান নিয়েও পর্যালোচনা করা হয়। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের লাইব্রেরিস আনলিমিটেড প্রকল্পের আইসিটি কো-অর্ডিনেটর মিশাল ইসলামের সঞ্চালনায় অনলাইনে উপস্থিত ছিলেন আইওটি ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. ইমরান মোঃ আমিন, কোড ১৯ অস্ট্রেলিয়া এর ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট ইমতিয়াজ ফারহান বিন হাবিব এবং কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের আইওটি ডিভিশনের জুনিয়র ইন্জিনিয়ার মাহেরুল আজম কোরেশী। এছাড়াও এ সময় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান আরডুইনো সপ্তাহ ২০২০ এ অংশ নেয়া সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী বিশ্বে আরডুইনোর নতুন নতুন ব্যাবহার নিয়েও সবাইকে উৎসাহিত করেন । কোড ১৯ ও আইওটি ফর বাংলাদেশের পক্ষ থেকে ড. ইমরান মোঃ আমিন আরডুইনো প্রোজেক্ট প্রদর্শনীতে বিজয়ী সেরা তিনজনকে “আরডুইনো খুদে বিজ্ঞানী” পদক দেয়ার কথা ঘোষণা করেন। এ পদক বিডিওএসএন এর মাধ্যমে পরবর্তিতে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে আরডুইনো সপ্তাহ ২০২০ এর কুইজ প্রতিযাগিতায় প্রথম ৯ জন প্রতিযোগী এবং প্রোজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারী পাবেন আরডুইনো ফান্ডামেন্টাল সার্টিফিকেশন পরিক্ষার ১০০% ডিসকাউন্ট কোড। এছাড়াও প্রোজেক্ট প্রদর্শনীতে ২য় ও ৩য় স্থান অধিকারীরা যথাক্রম আরডুইনো ফান্ডামেন্টাল সার্টিফিকেশন পরিক্ষার ৫০% ও ৩০% ডিসকাউন্ট কোড পাবেন। বিডিওএসএন ও ম্যাসল্যাব আরডুইনো সপ্তাহ কুইজ প্রতিযাগিতায় উর্ত্তীন ও প্রোজেক্ট প্রদর্শনীতে নির্বচিত সকল অংশগ্রহনকারীদের নিয়ে আরডুইনো ফান্ডামেন্টাল সার্টিফিকেশন পরিক্ষার প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করবে। আরডুইনো কমিউনিটি বাংলাদেশের সহযোগিতায় এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে ছিলেন আইওটি ফর বাংলাদেশ এবং কোড ১৯ অস্ট্রেলিয়া।