‘দ্বাদশ জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ হবে প্রযুক্তি’

২৭ অক্টোবর, ২০২৩ ০১:৪২  

‘দ্বাদশ জাতীয় নির্বাচনে জনমত গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের বাংলাদেশ তথা স্মার্ট বাংলাদেশ শক্তি বনাম পশ্চাদপদ বাংলাদেশ শক্তির লড়াই। এই লড়াই স্বাধীনতার স্বপক্ষের শক্তির সাথে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিরও লড়াই।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা : শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন : সরকার ও রাজনৈতিক দলসমূহের নিকট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি , সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি হাসানুল হক ইনু, সংসদ সদস্য এ্যারোমা দত্ত, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহায়ক কমিটির সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল, বাংলাদেশ-এর প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল বক্তৃতা করেন।

সভা সঞ্চালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আইটি সেলের সভাপতি শহীদ সন্তান নাট্যজন আসিফ মুনীর।

প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোযোগ মন্ত্রী তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির চক্রান্তে কোনভাবেই পা বাড়াবেন না এবং অনলাইন ও অফলাইনে তাদের প্রোপাগান্ডা ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’

বক্তব্যে নির্বাচনকে সামনে রেখে অর্থ ও পেশি শক্তির ব্যবহার যেন না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান রাশেদ খান মেনন।

হাসানুল হক ইনু বলেন, ‘মানুষ যাতে নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসে সেই পরিস্থিতি তৈরি করার দিকে মনোযোগ দেওয়া উচিত।’