৭ সদস্যের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন
একজন মহাপরিচালক এবং দুইজন পরিচালকের সমন্বয়ে গঠিত হলো ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। এখন থেকে দেশে ডিজিটাল ডিভাইস ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সংঘটিত অপরাধ দমন সংক্রান্ত কার্যক্রমের সমন্বয় ও নিয়ন্ত্রণ করবে এই এজেন্সি।
‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ অনুযায়ী এই এজেন্সি গঠন করা হয়েছে বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক আদেশে বলা হয়েছে। এজেন্সি গঠনের প্রজ্ঞাপন গেজেট আকারে জারির তারিখ ৫ ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। ওই দিন থেকেই দেশের সাবাইর আকাশের নিরাপত্তা সহ ডিজিটাল মাধ্যমের সুরক্ষায় কাজ শুরু করেছেন সাত সদস্যের দল।
নির্দেশনা অনুযায়ী, মোঃ রেজাউল করিম এজেন্সির মহাপরিকালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আর পরিচালক (অর্থ ও প্রশাসন) হিসেবে রয়েছে আবু আমদ সিদ্দিকী এবং তারেক এম বরকতউল্লাহ (কারিগরি)।
সূত্রমতে, ডিজিটাল নিরাপত্তার অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ জনবল বৃদ্ধি, মানদণ্ড নির্ধারণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক নীতি বাস্তবায়নের মাধ্যমে ডিজিটাল হুমকি প্রতিরোধ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা সেবাকে উৎপাদনশীল খাত হিসেবে বিকশিত হতে সহায়তা করতে ইতিমধ্যেই কৌশলগত কাজ শুরু করেছে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি।
আর এই কাজে মহাপরিচালক ও পরিচালকদের সহযোগিতা করছেন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন জয় ও সোহেল রানা।