২০২৫ সালেও আইফোন ১৭ প্রোতে থাকবে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা
অ্যাপল চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো, এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স উন্মোচন করে, যেখানে কেবলমাত্র প্রো সংস্করণগুলোতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যুক্ত ছিল। তবে যদি আপনি আশা করে থাকেন যে আগামী বছরের নন-প্রো আইফোন ১৭ মডেলগুলোতে পেরিস্কোপ ক্যামেরা থাকবে, তাহলে হতাশ হতে পারেন। খবর জিএসএম এরিনা।
দক্ষিণ কোরিয়ার প্রকাশনা দ্য ইলেক জানিয়েছে, আগামী বছরের লাইনআপেও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা শুধুমাত্র প্রো মডেলগুলোতেই থাকবে। যদিও আইফোনের ক্যামেরা মডিউল প্রস্তুতকারক এলজি ইনোটেক নতুন ক্যামেরা মডিউলের জন্য নতুনভাবে বিনিয়োগ করছে, তবে এটি সম্ভবত আপগ্রেড হওয়া আইফোন ১৭ সিরিজের প্রো সংস্করণগুলোর জন্যই হবে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইফোনের সিরিজে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার বা স্লিম, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স এই চারটি মডেল থাকবে বলে আশা করা হচ্ছে।
বর্তমান আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোর পেরিস্কোপ ক্যামেরায় ৫ গুণ অপটিক্যাল জুম রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, পরবর্তী বছরের প্রো মডেলগুলোতেও কমপক্ষে ৫ গুণ অপটিক্যাল জুম থাকবে। তবে আইফোন ১৭ এবং আইফোন ১৭ এয়ার/স্লিম মডেলগুলোতে এই ফিচারটি পাওয়া যাবে না।
ডিবিটেক/বিএমটি







