সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে ব্যবস্থা: আইজিপি

১৯ মে, ২০২০ ২১:১৬  
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এক্ষেত্রে গুজবের বিরুদ্ধে গণমাধ্যম ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) ঈদুল ফিতর ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিষয় নিয়ে রাজারবাগ পুলিশ লাইনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, ‘কিছু লোকের তৎপরতায় সোস্যাল মিডিয়া দুষিত হয়ে গেছে। স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম একসঙ্গে লড়ছে।’ ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ হাসিলের জন্য যারা গুজবের মতো অপরাধমূলক কাজ করছেন তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন আইজিপি। দেশে সান্ধ্য আইন জারি করা হবে কিনা সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দেশের মানুষের জন্য যেটা ভালো হবে সেটাই করবেন। এই ক্রাইসিস মোকাবিলায় অন্য দেশের পদক্ষেপ কপি-পেস্ট করতে পারব না। আমরা যেন দ্রুত অন্য কালচারে মোটিভেটেড হয়ে না যাই। অন্য দেশের সেন্টিমেন্ট ও আমাদের দেশের সেন্টিমেন্ট এক নয়। আমরা গত দুইমাসে শারীরিক শক্তি বা ফোর্স প্রয়োগ না করে কাজ করেছি।’