সাউথ ইস্টে চলছে আইসিপিসি ঢাকার চূড়ান্ত প্রতিযোগিতা
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৯০টি দলের অংশ গ্রহণের মধ্য দিয়ে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং আন্তর্জাতিক কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার ঢাকা অঞ্চলের চূড়ান্ত পর্ব।
শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বনানী ক্যাম্পাসে শুরু হয় প্রতিযোগিতা। সারদিনের প্রতিযোগিতার পর সন্ধ্যায় এর ফলাফল ঘোষণা করা হবে। সেসময় প্রধান অতিথি থেকে ঢাকা অঞ্চলের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আর এই বিজয়ীরাই বিশ্বচ্যাম্পিয়নশিপে সরাসরি অংশগ্রহণ করবে এবং প্রথমদিকের আরো দশটিরও বেশি দল এশিয়াওয়েস্ট ফাইনালে অংশগ্রহণ করবে।। ২০২০ সালের আন্তর্জাতিক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে রাশিয়ার মস্কো ইউনিভার্সিটিতে।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আইসিপিসি ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্ট এশিয়া রিজিওনালে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(আইসিটি ডিভিশন)।
আয়োজক সূত্রে জানাগেছে, এই প্রোগ্রামে এবার প্রথম বারের মত অনলাইনে সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহন করে।
অনলাইন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ১৭৭৬ টি দলের হয়ে ৫৩২৮ জন অংশগ্রহণ করে। এছাড়া স্কুল-কলেজ পর্যায় থেকে ১৬ টি দল অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জনের জন্য।এখন পর্যন্ত এটি বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় ১৮৯ টি দল কোটা ও মেধার ভিত্তিতে রিজিওনাল কন্টেস্টের চূড়ান্তপর্বে অংশগ্রহণ করছে।
এই প্রতিযোগিতায় আরো অন্যান্য পৃষ্ঠপোষকের মধ্য থেকে রয়েছে এসএসএল ওয়্যারলেস, প্রিজম ইআরপি, ডেল টেকনোলজি, ডেটা সফট, রাইস আইটি লিমিটেড, সিউরক্যাশ, ডেশা, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ইস্পাহানি, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ ইন্টারনেট সোসাইটি, এএসএল এবং স্যামসং আর এন্ড ডি।
প্রসঙ্গত, গত বছর ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার আয়োজক ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওই পর্বে ঢাকা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছিল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট ডেসাইফ্রাডর’। আর প্রথম রানার আপ হয়েছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের দল ‘বুয়েট_ব্লাডহুন্ড’। পরে তারা অংশ নেয় পর্তুগালে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায়।