মাইগভ-এ যুক্ত হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ১৪৬ সেবা

৭ নভেম্বর, ২০২৩ ১৫:০১  

সরকারের সমন্বিত সেবা প্রদান প্ল্যাটফর্ম (ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন) মাইগভ প্লাটফর্মে যুক্ত করা হলো বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন  চার্টারভূক্ত ২৭টি সেবা। একইসঙ্গে এ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং অ্যাসপায়ার টু ইনোভেটের (এটুআই) কারিগরি সহায়তা সেবাগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে অবমুক্ত করা হয়েছে।

‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে ডিজিটাল রূপান্তরিত সেবাগুলো সবার জন্য উন্মুক্ত করেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে মাইগভে ৪০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহক রয়েছেন। তাদের ২৭ লাখেরও বেশি সেবার আবেদনের মধ্যে ২৬ লাখের বেশি এরই মধ্যে নিষ্পন্নও করা হয়েছে। এ ছাড়া মাইগভে নাগরিক একবার তথ্য দিলে সেবা নিতে বারবার তথ্য দিতে হয় না। প্রতিবার আবেদনেই নাগরিকের প্রোফাইলে থাকা তথ্য অটো-ফিল হয়ে যায়। এতে সময়, ব্যয় ও যাতায়াত অনেক কমেছে। মাইগভে সেবা নিয়ে নাগরিক সন্তুষ্টি ও মতামত জানাতে পারছেন।

মাইগভ র‍্যাপিড ডিজিটাইজেশন প্রক্রিয়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সাতটি দফতর ডিজিটাইজেশনের আওতায় নেয়া হয়েছে। সব মিলিয়ে মোট ১৪৬টি সেবা ডিজিটাইজড করা হয়েছে। এর মধ্যে ৭৫টি সেবা অগ্রাধিকারভিত্তিতে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১৪৬টি সেবার গ্রাহকের আনুমানিক সংখ্যা ৪৮ হাজার।

বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রউফের সঞ্চালনায় কর্মশালায় এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মামুনুর রশীদ ভূঞা, প্রজেক্ট অ্যানালিস্ট (উপসচিব) মোহাম্মদ সালাহ্উদ্দিন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চিফ ইনোভেশন অফিসার (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন,  আজ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিটিজেন  চার্টারভূক্ত ২৭টি সেবাসহ দপ্তর/সংস্থার মোট ১৪৬টি সেবা ডিজিটালাইজ করে সেবাসমূহকে মাইগভ প্লাটফর্মে যুক্ত করা হয়েছে,যাতে সকল সেবা একটি প্লাটফর্ম থেকে গ্রহণ করা যায়। এটা সত্যিই খুব আনন্দের বিষয়।

তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের অবদান, এক ঠিকানায় সব সমাধান’ এ শ্লোগানটি নিয়ে মাইগভ অ্যাপটি ২০২০ সালে উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। স্বাধীন বাংলাদেশের মহান স্হপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন আর তাঁর কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন। তাঁর লক্ষ্য বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। 

একটি স্মার্ট দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল নাগরিক সেবা অন-লাইনে কোনধরনের হয়রানি ছাড়া প্রদান করতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সরকার গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখবে ।

তিনি আরো বলেন, ‘হাতের মুঠোয় সরকারি সেবা’ বাস্তবায়নের লক্ষ্যে এটুআই ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে সরকারি সেবাগুলো সংশ্লিষ্ট অংশীজনের জন্য ‘মাইগভ’ প্লাটফর্ম ব্যবহারের কার্যক্রম চালু করেছে। এই ‘মাইগভ’ প্লাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট অংশীজন সংশ্লিষ্ট সেবার জন্য অনলাইনে আবেদন এবং সেবা নিতে পারছেন।

বিশেষ অতিথির বক্তব্যে এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, মাইগভ প্ল্যাটফর্মে অনলাইনেই রেজিস্ট্রেশন করা, সেবার আবেদন করা, পেমেন্ট করা, আবেদনের দাফতরিক প্রক্রিয়া করা এবং অনলাইনেই সেবাপ্রাপ্তির সুযোগ রয়েছে। মাইগভ তাই স্মার্ট সরকারের স্মার্ট সেবার প্ল্যাটফর্ম। এখন থেকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সেবগুলো এই সমন্বিত সেবা প্ল্যাটফর্ম মাইগভে পাবেন নাগরিকরা। মন্ত্রণালয়ের সব সেবা ডিজিটাইজড করার ক্ষেত্রে আমরা সার্বিক সহযোগিতা করব।

ন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।