মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকবে অভিযোগ ট্যাব
সরকারি বিভিন্ন দফতর বা সংস্থার প্রতিশ্রুত সেবা, সেবা প্রদান এবং সেবা অথবা পণ্যের মান সম্পর্কে ব্যক্তির অসন্তোষ বা মতামত দেয়া যাবে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে। অভিযোগ দাখিলের পর এসএমএস ও ই-মেইলের মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা সম্পর্কেও জানা যাবে। তবে লগ-ইন না করে অজ্ঞাতনামা হিসেবে অভিযোগ দাখিল করলে পরবর্তী তথ্য পাওয়া যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সরকারের কেন্দ্রীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থার (জিআরএস) উন্নয়ন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সূত্রমতে, বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহনাজ আরেফিন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব দেবদাস নাগ এ বিষয়ে কাজ করছেন।
অভিযোগ গ্রহণের পাশাপাশি সরকারের ২৫ বছর আগে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নথি ন্যাশনাল আর্কাইভে সংরক্ষণ এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) শতভাগ বাস্তবায়নের বিষয়টি খতিয়ে দেখছেন তারা।