ভুটানের ই-জিপি সিস্টেমের দ্বিতীয় ফেজ গো লাইভ করলো দোহাটেক
গত আড়াই বছর ধরে বাংলাদেশের দোহাটেক নিউ মিডিয়ার ডেভেলপকৃত ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেম ব্যবহার করছে ভুটান। গত ৭ জুলাই দ্বিতীয় ফেজ চালু করেছে দেশটির সরকার।
ভুটানের অর্থমন্ত্রী লায়ানপো নামগে তেসরিং এই কাজের উদ্বোধন করেন বলে জানিয়েছেন অনলাইনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত হওয়া দোহাটেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা।
তিনি জানান, ভার্চুয়াল ওই উদ্বোধনী অনুষ্ঠানে ভুটানের ন্যাশনাল প্রপার্টিজ মহাপরিচালক মিস. কেসেং ডেমি ই-জিপির সুবিধা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে বিস্তারিত সবার সামনে তুলে ধরেন। ভুটানের চিফ প্রকিউরমেন্ট অফিসার কারমা ওয়াংডি দোহাটেকের ভূমিকার প্রশংসা করেন। ই-জিপি সিস্টেমের বিভিন্ন মডিউল সম্পর্কে মিস জামইয়াং দেমা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করেন।
অনুষ্ঠানে দোহাটেক চেয়ারম্যান প্রকিউরমেন্টের ক্ষেত্রে ই-জিপি সিস্টেমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় তিনি বাংলাদেশে ও নেপালে দোহাটেকের ই-জিপি কার্যক্রম সম্পর্কে সবাইকে অবহিত করেন।
তিনি জানান, এই ই-জিপি সিস্টেমের মধ্যে সরকারের বিভিন্ন সংস্থার আইটি রিসোর্স ইন্টিগ্রেটেড করা হয়েছে। সব ধরনের ই-প্রকিউরমেন্ট মডিউলই এই সিস্টেমের মধ্যে রয়েছে। অনলাইন বিড মূল্যায়ন পর্যন্ত সব কাজই এর মাধ্যমে সম্পন্ন করা সম্ভব। সিস্টেমটি প্রথম ২০১৭ সালে চালু হয়েছিল এবং তখন থেকে এটির কার্যক্রম লাইভ রয়েছে।