বৈজ্ঞানিক, গবেষক – এগুলো রাখতে হবে : প্রধানমন্ত্রী
সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত প্রকল্পে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বৈজ্ঞানিক ও গবেষকদের জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনা দিয়ে প্রত্যেক মন্ত্রণালয় যেন তার গবেষণা খাতের বরাদ্দ যথাযথভাবে খরচ করে সেটা দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দিয়েছেন এনইসির চেয়ারপারসন।
সভা শেষে দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, করোনর ক্ষতি পুষিয়ে নিতে সভায় গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন ‘স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে তাদের কারণে, কৃষি তার কৃষিতে করবে। ফান্ড থাকতে হবে। গবেষণা করতে হবে। বৈজ্ঞানিক, গবেষক– এগুলো রাখতে হবে।’
সকাল সাড়ে ১০ শেরেবাংলা নগর এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও কয়েকজন মন্ত্রী ও সচিব বৈঠকে সংযুক্ত হন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান যুগে কেউ একা চলতে পারে না। বর্তমান যুগে সবাইকে নিয়েই চলতে হয়। এখন পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ, অর্থাৎ পুরো বাংলাদেশ আধুনিক প্রযুক্তির যুগে সারাবিশ্বটাই এখন সবার সঙ্গে সবার যোগাযোগের একটা সুযোগ। কাজেই এই প্রযুক্তির ব্যবহার এবং সেটার যেন কাজে লাগতে পারি, প্রযুক্তি আবার সমস্যাও সৃষ্টি করে, সব মিলে মিশে এর থেকে ভালোটা বেছে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সেটা পারব। জাতির পিতা ৭ মার্চের ভাষণে বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ দাবায় রাখতে পারবে না।
প্রসঙ্গত, নতুন অর্থবছরে (২০২১-২২) এক হাজার ৫১৫টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে আজকের এনএসই সভা। বরাদ্দের চূড়ান্ত অনুমোদন দেবে জাতীয় সংসদ।