বিশ্ববাজারে স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৬.৫ শতাংশ
চলতি বছরের এপ্রিল-জুন সময়ে (২য় কোয়ার্টারে) সারা বিশ্বে স্মার্টফোনের শিপমেন্ট গত বছরের একই সময়ের তুলনায় ৬.৫% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৮৫.৪ মিলিয়ন ইউনিটে। মূলত এআই-এর ক্রমবর্ধমান চাহিদায় বৃদ্ধি পেয়েছে স্মার্টফোনের এই বিক্রি। খবর রয়টার্স।
গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)-এর প্রাথমিক ডেটা অনুযায়ী স্মার্টফোনের বাজারে ১৮.৯% শেয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। দ্বিতীয় স্থানে যথারীতি আছে আইফোন নির্মাতা অ্যাপল (১৫.৮% শেয়ার)। তালিকার প্রথম পাঁচে বাকী ৩টি স্থান চাইনিজ নির্মাতা প্রতিষ্ঠান শাওমি, ভিভো ও অপোর দখলে।
করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির হার হ্রাস পেলেও গত এক বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে স্মার্টফোনের বাজার। এই নিয়ে টানা ৪র্থ কোয়ার্টার স্মার্টফোন বিক্রির প্রবৃদ্ধি অব্যাহত থাকলো। তবে এই ঘুরে দাঁড়ানোর পেছনে বেশ বড় অবদান কিন্তু এআই-এর।
বর্তমানে এআই-ভিত্তিক স্মার্টফোনের চাহিদা আকাশছোঁয়া। স্বাভাবিকভাবেই স্মার্টফোন নির্মাতারাও তাদের ফোনে নিয়ে আসছে অত্যাধুনিক সব ফিচার যাতে থাকছে এআই প্রযুক্তির সাপোর্ট।
ডিবিটেক/বিএমটি







