বরিশালে হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন

১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:০৯  
দেশের আকাশসীমার নিরাপত্তা আরো এক ধাপ এগিয়ে নিতে বরিশালে একটি রাডার ইউনিট ও হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল সদরের রহমতপুরে স্থাপিত নতুন রাডার ইউনিট ও ইনস্টিটিউটটি উদ্বোধন করেন তিনি। বরিশালে বিমান বাহিনীর সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রপতির পক্ষে বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বরিশাল রাডার ইউনিট এবং হেলিকপ্টার সিমুলেটর ট্রেনিং ইনস্টিটিউটের ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে জানানো হয়, ইতালির সরবরাহ করা rat 31 dl মডেলের সলিড স্টেট কম্পিউটারাইজড এই রাডারটি আকাশসীমার অভ্যন্তরে যে কোনো আবহাওয়ায় উড়ন্ত বস্তু সনাক্তে সক্ষম। এসময় সিমুলেটর ব্যবহারের মাধ্যমে বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে বলে মন্তব্য করেছেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোঃ আবদুল হামিদ।