প্রতিদিন প্রায় কোটি মানুষ হিট করছেন টিকিট কিনতে

২৭ মার্চ, ২০২৪ ১১:৪৭  

ঈদ উপলক্ষে প্রতিদিন দুই দফায় আগাম বিক্রি হচ্ছে ৩৩ হাজারের বেশি আন্তঃনগর ট্রেনের টিকিট। চতুর্থ দিনে আগামী ৬ এপ্রিলের রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় বুধবার সকাল ৮টায়। টিকিট বিক্রির আড়াই ঘণ্টায় নির্ধারিত ১৬ হাজারের মধ্যে ১৪ হাজার ১০০ টিকিট বিক্রি হয়েছে। আর অনলাইনে এই টিকিট কিনতে ৯৪ লাখ ১০ হাজার বার চেষ্টা করেছেন গ্রাহকেরা।

বেলা ১১টায় এই তথ্য দিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি জানিয়েছেন, সকাল ৮টা ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪ হাজার ১০০টি টিকিট বিক্রি হয়েছে। দুপুর ২টায় পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে ছাড়া হবে।

এর আগে  মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘সহজ ডটকমে’ উন্মুক্ত করার ১০ মিনিটের মাথায় সব টিকিট বিক্রি হয়ে যায়।  এ দিন ৫ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয় অনলাইনে। টিকিট বিক্রি শুরুর পর থেকে গত ১০ ঘণ্টায় সারা দেশে প্রায় সাড়ে ৪৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে বিক্রি হয়েছে ৩০ হাজারের মতো।

সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র একটি সূত্র টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করে। সূত্র জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারা দেশে প্রায় দেড় লাখ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ৪৩ হাজার ৪৮৩টি। এছাড়া ঢাকা থেকে সাড়ে ৩৩ হাজার টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ২৭ হাজার ২০২টি।

এছাড়া সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কিনতে ৯৫ লাখ ১০ হাজার হিট পড়েছে ওয়েবসাইটে। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ৪৬ লাখ ৬০ হাজার পূর্বাঞ্চলের টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন।

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা যায়, মঙ্গলবার সকাল ৮টা ১০ মিনিটে রাজশাহীগামী সিল্কসিটি, পদ্মা, ধূমকেতু, বনলতা এবং মধুমতি এক্সপ্রেস ট্রেনের কোনো টিকিট নেই। ৮টায় টিকিট বিক্রি শুরুর আগেও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ২৮৮টি, মধুমতি এক্সপ্রেস ট্রেনের ৭০টি, পদ্মা এক্সপ্রেস ট্রেনের ৬৫৮টি, ধূমকেতুর ৩৫৩টি ও বনলতা এক্সপ্রেস ট্রেনের ৬৩৬টি টিকিট ছিল।

বিক্রি শুরুর ৩ মিনিটের মধ্যে রংপুর এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব টিকিট বিক্রি হয়ে যায়। বেলা সাড়ে ৮টার দিকে কিছু ট্রেনের টিকিট ‘অ্যাভেইলেবল’ দেখালেও কিনতে গিয়ে দেখা যায় ওই টিকিটগুলোও বিক্রি হয়ে গেছে। এর আগে টিকিট বিক্রির প্রথম দিন রবিবার চাহিদা কিছুটা কম ছিল। সোমবার বিক্রি শুরুর আধা ঘণ্টার মধ্যেই প্রায় সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে যায়।