পাবজি জাদুর পরও আয়ে শীর্ষে ফোর্টনাইট

৩ জানুয়ারি, ২০২০ ১৯:১৪  
পাবজি জাদুতে আগের বছর থেকে আয় কমলেও ২০১৯ সালেও ভিডিও গেম থেকে আয়ে শীর্ষে রয়েছে ফোর্টনাইট ব্যাটল রয়্যাল। পাবজি থেকেও ৩০ কোটি ডলার বেশি আয় করেছে এপিক গেমস এর এই গেমটি। গেমটি সদ্য বিদায়ী বছরে আয় করেছে ১৮০ কোটি মার্কিন ডলার। গেমের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সুপারডাটার তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ভিডিও গেমে সবচেয়ে বেশি আয় করেছে ফোর্টনাইট। এটি মোট আয় করেছে ১৮০ কোটি মার্কিন ডলার। তবে এই আয় ২০১৮ সালের চেয়ে কম। ওই বছর গেমটি আয় করেছিল ২৪০ কোটি মার্কিন ডলার। এদিকে ২০১৮ সালে বাজারে এসেই গেমারদের মাতিয়ে রাখা চীনের টেনসেন্ট কোম্পানির ব্যাটল রয়াল গেম বা পাবজি গেমটি ২০১৯ সালে আয় করেছে ১৫০ কোটি মার্কিন ডলার। আর এই গেমটির কারণেই বছর ব্যবধানে আয় কমেছে ফোর্টনাইট এর। ওই বছর পাবজির আয় ছিলো ১০৩ কোটি মার্কিন ডলার। দলবদ্ধভাবে খেলে শেষ পর্যন্ত টিকে থাকার লক্ষ্য নিয়ে আলোচিত গেম ফোর্টনাইট ব্যাটল রয়্যাল। গেমের লবিতে ম্যাচ শুরুর আগে সবাইকে একটি দ্বীপে একত্র করা হয়। এরপর পর্যায়ক্রমে ফোর্টনাইটের মূল দ্বীপে উড়ন্ত বাসে করে সবাইকে নিয়ে যাওয়া হয়। একে অপরকে দমন করে টিকে থাকার জন্য ফোর্টনাইট দ্বীপে থাকা বাড়িঘর ও অপরিচিত জায়গা থেকে অস্ত্রশস্ত্র খুঁজে নিতে হয়। এভাবেই ম্যাচ এগিয়ে চলে আর জেতার নেশায় মরিয়া হয়ে ওঠে গেমার।