নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ : মোস্তাফা জব্বার

১৩ মে, ২০২১ ১৭:২৮  

বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ নিজস্ব অর্থায়নে নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে সরকার। বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ এর ধরন অর্থাৎ সেটি যোগাযোগ উপগ্রহ নাকি আর্থ কিংবা আবহাওয়া উপগ্রহ হবে সে বৈশিষ্ট নির্ধারণে বিশেষজ্ঞরা কাজ করছেন।

মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের চতুর্থবর্ষ পদার্পণ উপলক্ষে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ বাস্তবায়নে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে ।নির্বাচনী ইশতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন, বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক মো: সিরাজউদ্দিন, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: সাহাব উদ্দিন, টেশিস এর ব্যবস্থাপনা পরিচালক ফকরুল হায়দার চৌধুরী, ক্যাবল শিল্পের ব্যবস্থাপনা পরিচালক জগদীশ চন্দ্র এবং বিএসসিএল এর পরিচালনা পরিষদের সদস্য ড. সাজ্জাদ হোসেন প্রমূখ বক্তৃতা করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,'বাঙালির মহাকাশ জয়ের স্বপ্ন পূরণের দিন ১২ মে ২০১৮ সাল। এই দিনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে উৎক্ষেপণ করা হলো দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।বিশ্বে স্পেস সোসাইটিতে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারি দেশ হিসেবে লিপিবদ্ধ হলো বাংলাদেশের নাম। দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন,মহাকাশে বাংলাদেশের পদচারণার প্রথম সোপান “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” জাতীয় জীবনে এ এক ঐতিহাসিক সূচনা অবিশ্বাস্য এক অগ্রযাত্রা ।'

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসসিএল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল হান্নান।