ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে ফেসবুকের ফেসিয়াল রিকগনেশন সিস্টেম
নিজেদের জনপ্রিয় ফেসিয়াল রিকগনেশন সিস্টেম (চেহারা শনাক্ত করা) বন্ধ করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এতোদিন ওই সিস্টেমটি ছবি ও ভিডিও থেকে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের চেহারা শনাক্ত করে দিতো। তবে এবার ১০০ কোটির বেশি মানুষের ‘ফেসিয়াল রিকগনেশন টেমপ্লেট’ মুছে ফেলবে নতুন এই ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে।
মাররক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদন ও ফেসবুকের ব্লগে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে আইবিএম স্থায়ীভাবে ফেসিয়াল রিকগনিশন পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। পুলিশের কাছে অনির্দিষ্টকালের জন্য নিজেদের ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির বিক্রি বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট ও অ্যামাজন।
এমন পরিস্থিতিতে ২ নভেম্বর, মঙ্গলবার ফেসবুক জানিয়েছে, ছবি ও ভিডিওতে থাকা ব্যক্তিদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার এ প্রযুক্তি কয়েক সপ্তাহের মধ্যে বন্ধ করা হবে।
ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোমি পেসেন্টি এক ব্লগ পোস্টে লিখেছেন, “নিয়ন্ত্রকরা এখনও এর ব্যবহার তত্ত্বাবধানে পরিষ্কার নীতিমালা তৈরিতে কাজ করছেন। এরকম চলমান অনিশ্চিয়তার মধ্যে, আমরা বিশ্বাস করি অল্প পরিসরের ব্যবহারে ফেসিয়াল রিকগনিশনের ব্যবহারকে সীমিত করে দেওয়াটাই যথার্থ।”
বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটি গত কয়েক বছর ধরেই প্রযুক্তি ব্যবহারের নৈতিকতার নিয়ে নানা প্রশ্নের মুখে রয়েছে।
সমালোচকরা বলছেন, সাধারণ বিক্রেতা, হাসপাতাল এবং বিভিন্ন ব্যবসায় যুক্ত মানুষদের কাছে জনপ্রিয় এই প্রযুক্তি গোপনীয়তা লঙ্ঘন, প্রান্তিক গোষ্ঠীকে টার্গেট করা এবং নজরদারিতে ব্যবহার হতে পারে।
এমন সমালোচনার পর ফেসবুক মুখপাত্র জানিয়েছেন, বৈশ্বিকভাবেই সরিয়ে নেওয়া হবে ফেসিয়াল প্রযুক্তিটি। আশা করা হচ্ছে, ডিসেম্বর নাগাদ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে।