ট্রেনে পুড়ে নিহতদের ডিএনএ পরীক্ষার পর লাশ হস্তান্তর

৬ জানুয়ারি, ২০২৪ ১৯:৫৮  

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে নিহতদের পরিচয় সনাক্তে মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনা সংগ্রহ করে তা ফরেনসিকের জন্য পাঠানো হবে। শনিবার (৬ জানুয়ারি) বিকালে নিহত চার জনের ময়নাতদন্ত শেষে এমনটাই জানিয়েছেন মৃতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান।

তিনি জানিয়েছন, মৃতদের শরীর এতোটাই পুড়ে গেছে, যা দেখে চেনার কোনও উপায় নেই। এখন ময়নাতদন্তের সময়ে মৃতদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের নমুনা সংগ্রহ করার জন্য বলা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগকে। পরে সিআইডির মাধ্যমে দাবিদারদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হবে। নমুনা ম্যাচ করলে এরপর স্বজনদের কাছে  লাশ হস্তান্তর করা হবে।

এই প্রতিবেদন লেখার আগে এসআই মো. সেতাফুর রহমান আরো জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহতদের চার জনের দাবিদার আসলেও তিন জন লিখিত আবেদন করেছেন। এদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী। আবেদন ছাড়া একজন এসেছিলেন, তিনিও নারী।

মর্গ সূত্রে জানা গেছে, মৃতদের তিন জন নারী ও একজন পুরুষ। মরদেহগুলো মরচুয়ারিতে রাখা হয়েছে। এদিকে এ ঘটনায় নিখোঁজ এলিনা, চন্দ্রিমা ও নাতাশা ইয়াসমিনের খোঁজ মেলেনি এখনো।

প্রসঙ্গত, যশোরের বেনাপোল থেকে শুক্রবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি। রাজধানীতে পৌঁছার পর রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। ট্রেনের তিনটি বগি পুড়ে যাওয়ায় ট্রেন থেকে দগ্ধ চার জনের লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রাজবাড়ী জেলার ৩ যাত্রীর নিখোঁজের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ৩ জনই আগুনে পুড়ে মারা গেছেন। রা হলেন - রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের এলিনা ইয়াসমিন (৪০), রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৪) ও একই জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে আবু তালহা (২৪)।

এছাড়াও ট্রেনে আগুনের ঘটনায় দগ্ধ আট রোগীকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে গেছে এবং কেউ এখনও ঝুঁকিমুক্ত নন বলে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শনিবার থেকে বুধবার পর্যন্ত চারদিন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে স্বাস্থ্য সেবা চালু রাখার পাশাপাশি ‘যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে সরকার। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালককের স্বাক্ষরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। 

চিঠিতে বলা হয়, শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেকের সভাপতিত্ব অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।