গ্রামীণফোন সিইওকে বাংলা শেখার পরামর্শ

১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৭:০৩  
গ্রামীণফোন সিইও মাইকেল ফোলিকে বাংলা শেখার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বুধবার (১৮ সেপ্টেম্বর) সচিবালায়ে অনুষ্ঠিত বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীনফোন এবং রবি এর নিকট সরকারের বকেয়া পাওনা টাকা আদায় বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই পরামর্শ দেন। সংবাদ সম্মেলনে বাংলা ভাষায় ব্রিফ করার পর তিনি সামনে বসা গ্রামীণফোন সিইওকে উদ্দেশ্য করে ইংরেজিতে অর্থমন্ত্রী বলেন, তিন বছরের বেশি সময় আপনি বাংলাদেশে কাজ করছেন। কিন্তু বাংলা জানেন না। আমার মনে হয়, আপনার জন্য বাংলা বোঝা দরকার। আশকরছি আগামী বৈঠকে বলতে না পারলেও আপনি আমাদের বাংলা বুঝবেন। অন্তত ‘ধন্যবাদ’ বলবেন। এসময় হেসে মন্ত্রীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে ধন্যবাদ বলেন ফোলি। সংবাদ সম্মেলনে উপস্থিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাস এবং বিটিআরসির চেয়ারম্যান মো: জহুরুল হক এবং রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ সকলেই হেসে মাইকেল ফোলির বাংলা চর্চায় উদ্বুদ্ধ করেন।