এলপিজিতে অ্যাপ ও এসএসডি কোড ব্যবহারের প্রস্তাব

১৪ জানুয়ারি, ২০২১ ১৯:৫৮  
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার দুর্ঘটনা থেকে সুরক্ষায় অ্যাপ ও এসএসডি কোড ব্যবহারের প্রস্তাব দিয়েছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। একইসঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবকে আমলে নিয়ে ‘অটোমোবাইল’ নির্ভরতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত গণশুনানিতে অংশ নিয়ে এই দাবি উত্থাপন করেন তিনি। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ একেএম শামসুল হক খান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন বিইআরসি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, সদস্য মো. মকবুল-ই-ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মো. বজলুর রহমান, কামরুজ্জামান, কারিগরি মূল্যায়ন কমিটির সদস্যরা। অন্যদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ডক্টর শামসুল আলম, সিপিবির প্রতিনিধি রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ শুনানিতে বক্তব্য পেশ করেন। এসময় গ্রাহক সুরক্ষায় প্রত্যেকটি এলপিজি সিলিন্ডারে একটি সনাক্তকরণ কোড নাম্বার সংযুক্ত করার প্রস্তাব রাখেন মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি। এতে গ্রাহক সহজেই ব্যবহৃত সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণের তারিখ ও নির্মাণের তারিখ জানার পাশাপাশি বিআরসি তাদের সেন্ট্রাল ডাটাবেজ এর মাধ্যমে বা বিশেষ অ্যাপস এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ সিলিন্ডার সহজে শনাক্ত করতে সক্ষম হবে বলে মত প্রকাশ করেন তিনি। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ে রিটেইলার ও পরিবেশকদের মতো গ্যাস সিলিন্ডার বিক্রেতাদেরও লাইসেন্সিংয়ের অধীনে আনার প্রস্তাব দেন মহিউদ্দিন আহমেদ। এতে সরকারের রাজস্বও বাড়বে বলে মনে করেন তিনি।