এবার চল্লিশোর্ধদের ভ্যাকসিনের সুযোগ

৮ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:২৫  
৪০ বছরের বেশি বয়সী সব ব্যক্তি এবং ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির পরিবার যাতে ভ্যাকসিন গ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। সোমবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয় থেকে এই বৈঠকে অংশ নেন। সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে ভোটার আইডি নিয়ে ভ্যাকসিন পয়েন্টে গেলে তাকে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করা হবে। তবে সে জন্য নিবন্ধন করতে না পারার সুনির্দিষ্ট কারণ থাকতে হবে। গ্রামের সবাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।