ইলনের এক টুইটে ১৪ বিলিয়ন ডলার খোয়ালো টেসলা

২ মে, ২০২০ ১৪:৪০  
মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের একটি টুইটে ১৪ বিলিয়ন ডলার খুইয়েছে কোম্পানিটি। শেয়ারের দাম খুব বেশি বলে শুক্রবার ইলন মাস্ক একটি টুইট করেন। এর পরই অনেক বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে দিলে তার নিজের শেয়ারের তিন বিলিয়ন ডলারের দরপতন হয়। সবমিলিয়ে দরপতন হওয়া শেয়ারের অংক দাঁড়ায় ১৪ বিলিয়ন মার্কিন ডলারে। টুইটে মাস্ক বলেছিলেন, ‘টেসলা স্টকের দাম খুব বেশি ইমো।’ বেশ কয়েকটি টুইটের মধ্যে একটিতে তার সম্পত্তি বিক্রি করার কথাও অন্তর্ভুক্ত ছিল। তার মালিকানায় কোনো বাড়ি থাকবে না বলে সেই টুইটে জানান ইলন মাস্ক। এর খানিক বাদেই সাবেক অভিনেতা এবং প্রযোজক জিনি উইল্ডারের কাছ থেকে কেনা একটি বাড়ি বিক্রির টুইট করেন এই উদ্যোক্তা। টেসলার শেয়ারের মূল্য নিয়ে কারসাজি করতেই এই টুইট করা হয়েছিলো বলে অভিযোগ শেয়ার বাজার সংশ্লিষ্টদের।