অনলাইনে গরু কিনে কোরবানির পশুর ডিজিটাল হাটের উদ্বোধন করলেন তিন মন্ত্রী। বাসায় পৌঁছে দেয়ার বিলসহ দারাজ থেকে এক লাখ ৬০ হাজার ২৩ টাকায় ভিডিও দেখে গরুর বায়না দিয়ে ঢাকা ডিজিটাল হাটের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
একইসময় আজকের ডিল থেকে এক লাখ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ৭৯ হাজার ৯০০ টাকা দিয়ে ফুড ফর ন্যাশন অনলাইন থেকে একটি গরু ক্রয় করেন। অন্যান্য চার্জসহ গরুর দাম পরে এক লাখ ১২২ টাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ই-ক্যাব ও আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশনের সম্মিলিত উদ্যোগে পরিচালিত হচ্ছে এই ভার্চুয়াল হাট।
উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল হাটের অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ডেইরী ফার্ম এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল প্রমুখ এই উদ্বোধনী অনুষ্ঠানে সযুক্ত ছিলেন।
এসময় জানানো হয় শুধু গরু কেনা নয় চাইলে দক্ষ কসাই দিয়ে কোরবানি করিয়ে বাসায় মাংস পৌঁছে দেওয়ার সুযোগ থাকবে এই অনলাইন হাটে। সেক্ষেত্রে পশু জবাই ও অন্যান্য প্রক্রিয়ায় গরুর মূল দামের সঙ্গে আরো ২৩ শতাংশ চার্জ দিতে হবে। এছাড়া বাসায় পৌঁছানোর জন্য ঢাকার মধ্যে ১৫০০ টাকা চার্জ দিতে হবে।